Friday, November 20

দ্বিতীয় দফায় গৃহস্থালি গ্যাসের দাম বৃদ্ধি অবৈধ: হাইকোর্ট

0

দ্বিতীয় মেয়াদে আবাসিক গ্যাসের (গৃহস্থালি) দাম বাড়ানোকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এই রায়ের ফলে আগস্ট থেকে দুই চুলার জন্য ৮০০ এবং এক চুলার জন্য ৭৫০ টাকা দিতে হবে গ্রাহকদের। আজ রবিবার দুপুরে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালতে এ দিন বিইআরসির পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অপরদিকে তিতাস গ্যাসের পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইশরাত জাহান। এ ছাড়া রিট আবেদনের পক্ষে ছিলেন সুব্রত চৌধুরী ও মোহাম্মদ সাইফুল ইসলাম।

এ ব্যাপারে আদালত বলেছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন গত ১ জুন থেকে গৃহস্থালির সংযোগে এক চুলার মাসিক বিল ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ৯০০ টাকা এবং দুই চুলার ক্ষেত্রে ৮০০ টাকা থেকে বাড়িয়ে ৯৫০ টাকা করার যে সিদ্ধান্ত কার্যকর করেছে, তা অবৈধ।

রায়ে বলা হয়, ১ আগস্ট থেকে কর্তৃপক্ষ আর ওই বাড়তি হারে বিল আদায় করতে পারবে না। তার আগেই বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি সবাইকে জানাতে হবে।

প্রসঙ্গত, গত ২৩ ফেব্রুয়ারি রাজধানীর কারওয়ান বাজারে বিইআরসি ভবনে সংবাদ সম্মেলন করে এ মূল্যবৃদ্ধির ঘোষণা দেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মনোয়ার ইসলাম। পরে এ মূল্যবৃদ্ধির বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে রিট আবেদন করেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কনজ্যুমার কমপ্লেইন হ্যান্ডলিং ন্যাশনাল কমিটির আহ্বায়ক স্থপতি মোবাশ্বের হোসেন। এই আবেদনের শুনানি নিয়ে ২৮ ফেব্রুয়ারি হাইকোর্ট ১ জুন থেকে দ্বিতীয় দফা গ্যাসের মূল্যবৃদ্ধি ছয় মাসের জন্য স্থগিত করে রুল জারি করেন। পরবর্তীতে বিইআরসির পক্ষে আপিলে আবেদন করার পর হাইকোর্টের আদেশ স্থগিত হয়ে যায়। পাশাপাশি আপিল বিভাগ রুল শুনানি করতে নির্দেশ দেন। সে অনুসারে আজ রবিবার হাইকোর্টে এ রুল শুনানি হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.