Saturday, November 14

নবাবগঞ্জ উপজেলায় পুলিশের হাতে ২৬জন মাদক ব্যবসায়ী আটক

0

মো. আশরাফুল আলম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমান বিভিন্ন ধরনের মাদকসহ ২৬জন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। এছাড়াও ৩০জন সাজাপ্রাপ্ত আসামী এবং ২৫জন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেপ্তার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার রায় জানান, দিনাজপুর জেলাকে মাদকমুক্ত করার লক্ষে দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. হামিদুল আলমের নির্দেশে এ বিশেষ অভিযান শুরু হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. মিজানুর রহমান এবং বিরামপুর সার্কেলের জ্যেষ্ঠ সহকারি পুলিশ সুপার (এএসপি) এএসএম হাফিজুর রহমানের নেতৃত্বে উপজেলার ৯টি ইউনিয়নে ২শত ২০জন পুলিশ সদস্য আঠারোটি দলে ভাগ হয়ে অভিযান চালায়।

এএসপি হাফিজুর রহমান জানান, ২৬জন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ২৬টি মামলা দায়ের করেছেন। আসামীদের ১৪ জুলাই শুক্রবার দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে। দিনাজপুর জেলাকে মাদকমুক্ত করার লক্ষে পর্যায় ক্রমে প্রতিটি থানায় এ অভিযান অব্যাহত থাকবে বলে হাফিজুর রহমান জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.