নাটোর-বগুড়া মহাসড়কে অনির্দিষ্টকালের জন্য যাত্রিবাহী বাস চলাচল বন্ধ করে দিয়েছেন নাটোরসহ উত্তর ও দক্ষিণ জেলার বাস মালিকরা।
বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের এ ধর্মঘট শুরু হয়েছে। সিংড়ায় বাসসহ বিভিন্ন যানবাহন থেকে চাঁদাবাজির প্রতিবাদে তারা এ ধর্মঘট করছেন।
হঠাৎ ধর্মঘটের কারণে নাটোর হয়ে রংপুর-দিনাজপুর-বগুড়াসহ উত্তর ও বরিশাল-খুলনা-কুষ্টিয়াসহ দক্ষিণের জেলায় যাতায়াতকারী যাত্রীদের ভোগান্তিতে পড়েছে।
নাটোর জেলা বাস মালিক সমিতির সভাপতি লক্ষণ পোদ্দার জানান, সিংড়া উপজেলায় নাটোর জেলা মোটর মালিক সমিতির নামে নাটোর-সিংড়া-বগুড়া মহাসড়কে চলাচলকারী বাস থেকে চাঁদা আদায় করা হচ্ছে।
তিনি আরো জানান, এ চাঁদাবাজি বন্ধে দীর্ঘদিন ধরে নাটোরসহ দক্ষিণ ও উত্তর জেলার বাস মালিকরা দাবি জানাচ্ছেন। কিন্তু চাঁদাবাজি বন্ধ না হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে নাটোর-বগুড়া সড়ক দিয়ে উত্তর ও দক্ষিণ জেলা এবং রাজশাহী-পাবনায় চলাচলকারী সকল যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দেন মালিকরা।