নির্বাচনে সরকারী দলকে বিশেষ সুবিধা দিচ্ছে বর্তমান কমিশন। সরকার প্রতিনিয়ত আচরণবিধি ভঙ্গ করলেও কোন ধরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এবং নির্বাচন ভবন আজ আওয়ামী অফিসে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, বিরোধী দলকে যেখানে নির্বাচন কমিশন আইন অনুযায়ী প্রাপ্য কোন ধরণের সুযোগ-সুবিধা দিচ্ছে না, সেখানে সরকারী দলকে নানা ধরণের তথ্য দিয়ে সুবিধা দেওয়া হচ্ছে। ‘আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সরকারী দলের লোকজনদের অবাধ বিচরণ ঘটছে। নির্বাচন ভবনটি আজ আওয়ামী লীগের অফিসে পরিণত হয়েছে।’ আওয়ামী লীগের নির্দেশেই নির্বাচন কমিশনের কিছু কর্মকর্তা পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির এ নেতা।
তিনি বলেন, ‘সরকারের নির্দেশ প্রতিফলনের জন্য নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত নির্বাচন ভবনে অফিস করছেন আওয়ামী লীগের নির্বাচন বিষয়ক উপ-কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান বাবলা।’
বিএনপির সিনিয়র এ নেতা বলেন, ‘কমিশনের কর্মকর্তাদের ভয়-ভীতি দেখিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করে থাকেন মুস্তাফিজুর রহমান বাবলা। এই বাবলার ভয়ে তটস্থ নির্বাচন কমিশনের বিভিন্ন স্তরের মেধাবী কর্মকর্তারা।’
রিজভী বলেন, ‘নির্বাচনি তফসিল ঘোষণার করা হলেও এখন পর্যন্ত মন্ত্রী-এমপিরা উদ্বোধনী অনুষ্ঠানসহ নানা অনুষ্ঠানে অংশ নিচ্ছেন, বক্তব্য রাখছেন কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে কোনো প্রকার আচরণবিধি তৈরি হয়নি।’