ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে।
নিহতের পরিবার, স্থানীয় এলাকাবাসী ও হাসপাতাল সুত্রে জানা যায়, ২৫ ডিসেম্বর সোমবার দুপুর বেলা উপজেলার গোবিন্দবাটি গ্রামে পুকুরের পানিতে ডুবে রবিউল ইসলাম নামে দেড় বছরের একটি শিশুর মৃত্যু হয়। রবিউল ওই গ্রামের ময়নুল হকের পুত্র । দুপুরে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় রবিউল।
রবিউলের পরিবারের সদস্যরা খুঁজতে থাকেন। অনেক খোঁজা-খুজির এক পর্যায়ে ওই গ্রামের একটি পুকুরে ভাসতে দেখেন প্রতিবেশিরা শিশু রবিউলকে। পরে উদ্ধার করে অচেতন অবস্থায় শিশুটিকে জেলার সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহার ইসলাম উপরোক্ত ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন ও এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হবে বলে জানান।