Friday, September 25

প্রশ্ন ফাঁস বানিজ্যে জড়িত অভিযোগে মালিবাগে গ্রেফতার ১

0

পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে রাজধানীর শাহজাহানপুর থানা এলাকা হতে এহসানুল কবির নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

র‌্যাব-৩ এর একটি দল বৃহস্পতিবার সন্ধ্যায় মালিবাগ বাজার রোড, শেলটেক ড্রিম ১৫৩/১, ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, চলমান এইচএসসি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট প্রতারণামূলক প্রশ্ন ফাঁসে জড়িত চক্রের অন্যতম হোতা এহসানুল কবির। সে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার গোরিয়ালি এলাকার বাবুল মিয়ার ছেলে।

তিনি বলেন, এহসানুল কবির টাকার বিনিময়ে মোবাইল ফোনে ইন্টারনেটসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রশ্নপত্র বিতরণের প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীদের নিকট ভুয়া প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপ ও ম্যাসেঞ্জারের মাধ্যমে সংগ্রহ এবং আদান-প্রদান করত।

এএসপি মিজানুর রহমান বলেন, এ ছাড়া সে নিজের হোয়াটস অ্যাপ গ্রুপের ‘পার কোয়েশসন ৩০০ টাকা এইচএসসি’ এবং ফেসবুকে নিজস্ব আইডি ‘কোশসেন ডাটা’ খুলে প্রশ্ন ফাঁস সংক্রান্ত বিভিন্ন প্রচারণা চালাতো।

তিনি বলেন, এহসানুল দীর্ঘদিন যাবৎ বিভিন্নভাবে প্রশ্নপত্র ফাঁস এবং তৎসংক্রান্ত লোভনীয় ও অনৈতিক প্রচারণা চালিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা আদায় করত। সে ৩০ এর বেশি হোয়াটস অ্যাপ জিপি এর অ্যাডমিনদের সঙ্গে প্রশ্নফাঁস সংক্রান্ত বিভিন্ন প্রচারণা চালাতো। কোমলমতি শিক্ষার্থীদেরকে আকৃষ্ট করার জন্য মোবাইল ফোনে ইন্টারনেটসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত এবং সক্রিয় যোগাযোগ বজায় রাখত।

তিনি আরও বলেন, টাকার বিনিময়ে এহসানুল নিজস্ব গ্রুপের সদস্যদের কাছে মোবাইলে বিদ্যমান প্রশ্নপত্র প্রচারে নিয়োজিত ছিল। মোবাইল থেকে উদ্ধারকৃত হোয়াটস অ্যাপ গ্রুপের সদস্য সংখ্যাও প্রায় হাজারের উপরে। নামে বেনামে তার ফেসবুকে এবং হোয়াটস অ্যাপে অনেক গ্রুপ রয়েছে।

‘সবাইকে প্রশ্ন দেব, তবে অরিজিনাল ছাত্র হতে হবে, আগে কমন, পরে টাকা’। ‘প্রশ্ন আউট হওয়া মাত্রই আমি তোমাদের দিয়ে দেব, রিয়েল প্রশ্ন বের হলে আমিই দেব, তোমাদের বলতে হবে না’ ইত্যাদি লেখা সম্বলিত বিভিন্ন লেখা সে প্রতিনিয়তই বিভিন্ন গ্রুপের সদস্যদের আকৃষ্ট করার জন্য পোষ্ট করত। এহসানুল কবির প্রশ্ন ফাঁসকারী বিভিন্ন শক্তিশালী গ্রুপের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান এ র‌্যাব কর্মকর্তা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.