শীর্ষক গোলটেবিল আলোচনায় মওদুদ আহমদ
ফখরুলের বদনাম করে উপকার করেছেন প্রধানমন্ত্রী

0

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বিরুদ্ধে ‘বদনাম’ করে প্রধানমন্ত্রী তাঁর উপকার করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। ‘বদনামের’ মধ্য দিয়ে বিএনপির ভোট অনেক বেড়ে গেছে বলেও তিনি দাবি করেন।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ডেমোক্রেটিক মুভমেন্ট আয়োজিত ‘ন্যায়বিচার, গণতন্ত্র এবং বর্তমান বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় মওদুদ আহমদ এসব কথা বলেন।

গতকাল ঠাকুরগাঁওয়ের এক জনসভায় ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারাক্ষণ মিথ্যা কথা বলেন’ বলে মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এ বক্তব্যের সমালোচনা করে আজ মওদুদ এসব কথা বলেন।

মওদুদ আহমদ বলেন, ‘আপনি বিএনপির মহাসচিবের বিরুদ্ধে অনেক কথা বলেছেন। এটি আপনি আরো করতে থাকেন, তাহলে ভালো হবে আমাদের। আপনি যত বদনাম করবেন, তত মির্জা ফখরুলসহ বিএনপি নেতাদের জনপ্রিয়তা আরো বাড়বে, ভোট বাড়বে।’

বিএনপি নেতা আরো বলেন, ‘যিনি সব সময় মিথ্যা কথা বলেন, তিনি সবাইকে নিজের মতো মনে করেন। তিনি ভাবেন, অন্যরাও সব সময় মিথ্যা বলেন। তবে তাঁর এ বক্তব্যে মহাসচিবের অনেক উপকার হয়েছে। কারণ, তাঁর ভোট অনেক বেড়ে গেছে। আমরা চাই, আপনি এটা আরো বেশি করেন, তাহলে আমাদের ভোট অনেক বাড়বে।’

‘আমরা তো প্রধানমন্ত্রীর সমকক্ষ নই, তারপরও তিনি আমাদের নিয়ে এমন মিথ্যাচার করেন। আসলে তিনি জানেন, জনগণ তো তাঁকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাননি। সে জন্য আমাদের মহাসচিবসহ দলের নেতাদের বিরুদ্ধেও মিথ্যাচার করেন। মিথ্যাচার কাকে বলে, সেটি বাংলাদেশে না এলে কেউ বুঝতে পারবে না। বর্তমান সরকার মিথ্যাচারের সব রেকর্ড অতিক্রম করেছে।’

সাবেক এই আইনমন্ত্রী বলেন, ‘বাকশালের চেয়ে বর্তমান সরকারের শাসনকাল নিকৃষ্ট। ওই সময় যেসব অধিকার ছিল, সেগুলোও বর্তমান সরকার কেড়ে নিয়েছে। একদলীয় শাসনের চেয়েও নিকৃষ্ট শাসনব্যবস্থার নজির স্থাপন করেছে ভোটারবিহীন এ সরকার।’

আওয়ামী লীগের সমালোচনা করে মওদুদ আহমদ বলেন, ‘তারা চায় না দেশে সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হোক। সে জন্য তাঁরা বিরোধীপক্ষকে কোনো গণতান্ত্রিক অধিকার পালন করতে দেয় না। কারণ আওয়ামী লীগ জানে, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হলে তারা আর ক্ষমতায় আসতে পারবে না; দেশের মানুষ তাদের আর ভোট দেবে না।’

এ সময় প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘জনসভা করে নৌকায় ভোট চেয়ে কোনো লাভ হবে না। এটার একমাত্র টেস্ট কেস হচ্ছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিলে। তখন দেখা যাবে, দেশের মানুষ নৌকায় কত ভোট দেয় আর ধানের শীষে কত ভোট দেয়। কারণ তাঁরা জানেন, তাঁদের কোনো জনসমর্থন নেই, তাই সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পান।’

কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের বিষয়ে মওদুদ আহমদ বলেন, ‘ফাঁসির আসামি জামিন পেলেও খালেদা জিয়ার জামিন বাতিল করেছেন আপিল বিভাগ। এটি নজিরবিহীন। এ ধরনের মামলায় খালেদা জিয়া না হয়ে অন্য কেউ হলে আপিল ফাইল করার সঙ্গে সঙ্গে বিনা প্রশ্নে জামিন দিয়ে দিত।’

এ সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং নিরপেক্ষ সরকার ছাড়া এ দেশে কোনো নির্বাচন হবে না বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

গোলটেবিল আলোচনায় এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক শওকত মাহমুদ, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.