ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার শিকার হওয়া বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা তুহিন ফারাবীর শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। ফারাবীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
ফারাবীর অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন তার সংগঠনের নেতারা। অন্যদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া আজ সকালে জানান, ফারাবীর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা রাশেদ খান বলেন, সকাল আটটার দিকে ফারাবী চোখ মেলেছিলেন। কিছুক্ষণ পর আবার চোখ বন্ধ করেন। অন্যদিকে নুরুল হকের অবস্থা আগের মতো রয়েছে।
ফারাবী বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
জানা গেছে, রবিবার দুপুর পৌনে ১২টা থেকে ২টা পর্যন্ত ডাকসু কার্যালয়ে ভিপি নুরের কক্ষে ও ভবনের সামনে এই বর্বর হামলা চালানো হয়। ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের শতাধিক নেতাকর্মী নুরের কক্ষে ঢুকে লাইট বন্ধ করে হাতুড়ি, রড, লাঠি ও বাঁশ নিয়ে হামলা চালায়। পিটুনির একপর্যায়ে ভিপি নুর জ্ঞান হারিয়ে ফেলেন। তার মুখ দিয়ে ফেনা বের হতে দেখা গেছে। এছাড়া একজনকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়। এ সময় ডাকসু ভবনের কাচ ভাঙচুর করে হামলাকারীরা। পরে ডাকসুর জিএস গোলাম রাব্বানীকে আহতদের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের বলেন, ‘ভিপি নুর বেঁচে আছেন না মারা গেছেন, তা বিবেচ্য নয়।’
মুক্তিযুদ্ধ মঞ্চের অনেকেই ছাত্রলীগের নেতাকর্মী। এ সময় নুরুলের সঙ্গে থাকা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্তত ৩০ জনকে বেধড়ক মারধর করা হয়।
তাদের মধ্যে গতকাল রাত পর্যন্ত ১৪ জন হাসপাতালে ভর্তি ছিলেন। হামলায় আহতরা হলেন : বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম-আহ্বায়ক ফারুক হাসান, রাশেদ খান, মশিউর রহমান, নাজমুল, মামুন, এ পি এম সুহেল, জাহিদ, বিপ্লব, সোহেল, ইমরান, আরিফ, সুমন, আমিনুল, মেহেদী, আরিফুল ইসলাম প্রমুখ। আহতরা ঢাকা মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে চিকিত্সা নেন। এর মধ্যে ফারাবীকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এছাড়া ডাকসু ভিপি নুরুল হক নুর ইমার্জেন্সি কেয়ারে, এ পি এম সুহেল ও আমিনুল নিউরো সার্জারি বিভাগে চিকিত্সা নিচ্ছেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকেরা।
ঘটনার সময় হামলাকারীরা পরিষদের যুগ্ম আহ্বায়ক এ পি এম সুহেলকে ডাকসু ভবনের ছাদ থেকে ফেলে দেন। সুহেল হাসপাতালে ভর্তি আছেন। সুহেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কয়েক দফা মারধরের শিকার হন আরেক যুগ্ম আহ্বায়ক ফারাবী। পরিষদের যুগ্ম আহ্বায়ক বিন ইয়ামিন মোল্লা বলেন, আহত দুজনেরই অবস্থা সংকটাপন্ন।
এছাড়া হামলায় আহত নুরের ভাই আমিনুর হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দু’দফায় নুরুল হক নুর ও তার সহযোগীদের রড, লাঠি ও বাঁশ দিয়ে পেটানো হয়। প্রথম দফায় মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক আল মামুনের নেতৃত্বে সংগঠনের নেতা-কর্মীরা ডাকসু ভবনে ঢুকে তাদের পেটান। এরপর ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক (ডাকসুর এজিএস) সাদ্দাম হুসাইন ঘটনাস্থলে আসেন। তাদের উপস্থিতিতে দ্বিতীয় দফায় হামলা ও মারধর করা হয়। এ সময় ডাকসু ভবনেও ভাঙচুর চালান ছাত্রলীগের কিছু নেতাকর্মী।
ডাকসু ভবন থেকে মিনিটখানেকের হাঁটা দূরত্বে কলাভবনের নিচতলায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়। প্রায় এক ঘণ্টা ধরে এই মারধরের সময় প্রক্টর গোলাম রব্বানী তার কার্যালয়েই ছিলেন। তিনি ঘটনাস্থলে যান মারধর শেষ হওয়ার পর। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন তিনিসহ প্রক্টরিয়াল টিমের সদস্যরা। ঘটনার সময় পুলিশের উপস্থিতি ছিল না।