বঙ্গবন্ধুর খুনিরা আবারও দেশের রাজনীতিতে আবির্ভূত হয়েছে: নাসিম

0

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলে মুখপাত্র মোহাম্মদ নাসিম বললেন, বিএনপি-জামায়াত জোটের চেহারার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর খুনিরা আবারও বাংলাদেশের রাজনীতিতে আবির্ভূত হয়েছে। তিনি বলেন, আমি একটি কথা বলতে চাই এই বঙ্গবন্ধুর খুনি, একাত্তরের ঘাতক দালাল এখনও সক্রিয় রয়েছে। যারা এখনো গণতন্ত্রকে ধ্বংস করে আগামী নির্বাচনকে ভণ্ডুল করার চক্রান্ত করে যাচ্ছে।

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ১৪ দলের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

নাসিম বলেন, ১৫ আগস্ট প্রথম প্রহরে কিছু বিশ্বাসঘাতক বেঈমান- খন্দকার মোশতাক, জিয়াউর রহমানের চক্রান্তকারীরা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। শিশুপুত্র রাসেলসহ বঙ্গবন্ধু পরিবারকে প্রায় হত্যা করেছিল। জাতীয় নেতাদের হত্যা করেছিল। বাঙালি জাতির কয়েক যুগ ধরেই এই খুনিদের প্রতি ঘৃণা প্রকাশ করেছে, ধিক্কার দিয়েছে। আমরা আজ কলঙ্কমুক্ত হয়েছি।

তিনি বলেন, একটি কারণে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দায়িত্ব নেয়ার পর শোককে শক্তিতে পরিণত করে ৩৩ বছর পর বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করেছেন। শিশু রাসেলের হত্যাকারীদের বিচার করেছেন। জাতীয় চার নেতার হত্যার বিচার করেছেন। এরই মধ্যে অনেকের দণ্ড কার্যকর হয়েছে। আমরা এখনো চেষ্টা করে যাচ্ছি, যারা পলাতক আছে তাদেরকে দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করার।

তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনি একাত্তরের ঘাতক দালালরা এখনও সক্রিয়। তারা চক্রান্ত করে যাচ্ছে। কিন্তু তাদের কোন চক্রান্তই সফল হবে না। কেননা, বাংলার জনগণ এখন জাগ্রত। শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আবারও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ইনশাল্লাহ জয় লাভ করবে। ওই বিএনপি-জামাত জোটের চক্রান্ত চূড়ান্তভাবে পরাজিত হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.