Sunday, September 13

ববিতাকে নিয়ে যা বললেন রিয়াজ

0

গতকাল সোমবার ছিল চিত্রনায়িকা ববিতার জন্মদিন। একমাত্র ছেলে অনিকের অনুরোধে এবার কানাডায় জন্মদিন কাটান ববিতা। তাই কাছের মানুষরা তাকে মিস করছেন। তাদেরই একজন চিত্রনায়ক রিয়াজ।

চিত্রনায়ক রিয়াজও জন্মদিনের শুভেচ্ছায় ভাসালেন প্রিয় অভিনেত্রী ববিতাকে। তিনি গতকাল সোমবার নিজের ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করে ববিতার উদ্দেশ্যে লিখেছেন, ‘হ্যাপি বার্থ ডে পপি আপু (ববিতা আপু)…..’

প্রসঙ্গত, চিত্রনায়িকা ববিতার পারিবারিক নাম ফরিদা আক্তার পপি। তার পরিবারের সদস্যরা তাকে পপি নামেই ডাকেন। আর এই কথা ঢাকাই সিনেমা পাগল দর্শকের অজানা নয়, রিয়াজ ও ববিতা একই পরিবারের সদস্য। ববিতার চাচাতো ভাই রিয়াজ। আর এই ববিতার জন্যই ঘটনাসূত্রে প্রয়াত চিত্রনায়ক জসীমের হাত ধরে চলচ্চিত্রে আসেন রিয়াজ।

বোনের জন্মদিনে রিয়াজ বলেন, ববিতা আপা শুধু আমার বোনই নন, তিনি এই বাংলার কোটি কোটি মানুষের প্রিয়মুখ। সবার কাছে আমি আপার জন্য দোয়া চাই আজকের দিনে। তিনি আরও বলেন, ববিতা আপু রান্না করে খাওয়াতে খুব ভালোবাসেন। কয়েক মাস আগে তার খাবার খেতেই আমন্ত্রণে তার বাসায় গিয়েছিলাম আমরা কয়েকজন চলচ্চিত্রশিল্পী। আপু আজ কানাডায়। তাকে মিস করছি।

রিয়াজের পোস্ট করা ছবিতে দেখা গেছে চলচ্চিত্রের নানা প্রজন্মের এক ঝাঁক তারকাকে। সেখানে উপস্থিত ছিলেন ববিতার দুই নায়ক ফারুক ও আলমগীর। আরও ছিলেন সূচন্দা, চম্পা, মৌসুমী, ওমর সানী, ফেরদৌস, শাবনূর, পপি, শিল্পী। আরও ছিলেন রিয়াজের স্ত্রী তিনা ও তাদের একমাত্র মেয়ে আমেরা সিদ্দিকী।

প্রসঙ্গত, ১৯৬৯ সালে জহির রায়হানের পরিচালনায় নায়ক রাজ্জাকের বিপরীতে ‘শেষ পর্যন্ত’ চলচ্চিত্রে অভিনয় করে নায়িকা হিসেবে অভিষিক্ত হন ববিতা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.