বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার গজারিয়া নদীতে খেয়া ট্রলার ডুবির ঘটনায় আজ আরও ২ জনের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড। এ নিয়ে গত ৩ দিনে ৫ জনের লাশ উদ্ধার হলো ওই দুর্ঘটনায়।
আজ রোববার সকালে মেহেন্দিগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়ন-সংলগ্ন কালাবদর নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মৃত মাঝিরচর এলাকার সাইফুল হাওলাদারের স্ত্রী মালা বেগম ও একই এলাকার বাসিন্দা ইয়ামিন।
মেহেন্দিগঞ্জ থানা পুলিশের ওসি শফিকুল ইসলাম বলেন, শুক্রবার মাঝিরচর থেকে দড়িরচর খাজুরিয়া ইউনিয়নে জানাজায় যাওয়ার পথে শুক্রবার বেলা ১১টার দিকে গজারিয়া নদীতে ট্রলার ডুবে যায়। ঘটনার পর মা-মেয়ের মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড। নিখোঁজ হয় ট্রলারের তিন যাত্রী। ওই তিনজনের মধ্যে শনিবার দুপুরে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে ঘটনাস্থল থেকে ৬ থেকে ৭ কিলোমিটার দূর থেকে। সর্বশেষ সকালে বাকি নিখোঁজ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।