কিকিউ মারমা, বান্দরবান : বান্দরবানে স্থানীয় আওয়ামীলীগের এক নেতাকে গুলি করে হত্যার প্রতিবাদে রোয়াংছড়ি উপজেলায় চলছে আধাবেলা হরতাল। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগ এই হরতালের ডাক দেয়। হরতালের কারনে সকাল থেকে বান্দরবানে থেকে কোনো বাস ছেড়ে যায়নি। বন্ধ রয়েছে টিকেট কাউন্টারও। খুলেনি দোকানপাট। তবে হরতালের সমর্থনে সকাল থেকে কোনো পিকেটিং করতে দেখা যায়নি নেতকমর্মীদের। এছাড়া কোনো অপ্রীতিকর খবর পাওয়া যায়নি।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শরিফুল ইসলাম বলেন, যেকোন অপ্রিতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে জেলা আওয়ামীলীগের সম্মেলনকে সামনে রেখে উপজেলা পর্যায়ে একটি প্রস্তুতি সভা শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন মংমংথোয়াই মারমা। তিনি রোয়াংছড়ি উপজেলা তারাছা ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি ছিলেন।