বিএনপি এই মুহূর্তে কোনো সংঘাতে যেতে চায় না বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আজ মঙ্গলবার(১০ ডিসেম্বর) পূর্ব ঘোষিত বিএনপির শোভাযাত্রা পুলিশ করতে না দেওয়ায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
মির্জা ফখরুল বলেন, জাতিসংঘ ঘোষিত মানবাধিকার দিবস উপলক্ষে আমাদের কার্যালয়ের সামনে থেকে একটা শোভাযাত্রা হওয়ার কথা ছিল। সেইভাবে প্রস্তুতিও নিয়েছিলাম আমরা। কিন্তু সকালে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নেতাকর্মীরা কার্যালয় থেকে নিচে নামলে আমাদের ব্যবস্থা আমরা নেবো। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ যুদ্ধাবস্থা তৈরি করেছে। তিনি বলেন, ‘এই মুহুর্তে আমরা কোনো সংঘাতে যেতে চাই না। আমাদের অধিকারগুলোর কথা বলছি। আপনারা দেখেছেন, সভা-সমাবেশ করতে হলে অনুমতি নিতে হয়। এমনকি সাংগঠনিক কার্যক্রম করতেও অনুমতি নিতে হয়।’
সারা বিশ্বে স্বীকৃত মানবাধিকার দলীয় রাজনীতির উর্ধ্বে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘সেই মানবাধিকার রক্ষা করার জন্য আজকে শোভাযাত্রা করার কথা ছিল। আমাদের দেশে একটি জাতীয় মানবাধিকার কমিশন আছে। যারা বয়স ১০ বছর, এই সময়ে তারা একটি মামালার তদন্ত নিয়ে এগিয়ে যাচ্ছে।’
আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য সব ধরনের মানবাধিকার লঙ্ঘন প্রক্রিয়া গ্রহণ করছে বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘গার্মেন্টস শ্রমিক, বিদেশে নারী শ্রমিকদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, কিন্তু সরকার কোনো উদ্যোগ নিচ্ছে না।’
ভারতের নাগরিকত্ব আইন এনআরসির প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘তাদের সংসদে খুব পরিষ্কার করে বলা হয়েছে, বাংলাদেশ থেকে মুসলিম সম্প্রদায়ের লোকজন অবৈধভাবে অনুপ্রবেশ করেছে। এটা নাকি বিএনপির আমলে হয়েছে। নতুন নাগরিকত্ব বিলে বলা হয়েছে, অমুসলিমদের নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু মুসলিমদের দেওয়া হবে না।’
সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।