বিএনপিকে নিয়ে গুজব ছড়াচ্ছে সরকারের মন্ত্রীরা বলে অভিযোগ করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। ‘বিএনপি ক্ষমতায় এলে প্রথম দিনেই এক লাখ মানুষ হত্যা করবে’ সরকারের এক মন্ত্রীর এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় এ অভিযোগ তোলেন তিনি।
মঙ্গলবার (২১ আগস্ট) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী আরো বলেন, ‘এমন বিভ্রান্তিকর মন্তব্যের মাধ্যমে সামাজিক অস্থিরতা সৃষ্টিতে উস্কানি দেয়া হচ্ছে।’
রুহুল কবির রিজভী বলেন, ‘ঈদে সাধারণ জনগণ যাত্রাপথে প্রচুর দুর্ভোগে পড়েছেন। সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শুধুমাত্র বিরোধী দলের কুৎসা রটানোতে ব্যস্ত হয়ে পড়েছে। কিন্তু উনি যদি এই কুৎসা না রটিয়ে নিজের দায়িত্ব পালন করতেন, তাহলে সড়কের এই বিপর্যয় কিছুটা কম হত। কিন্তু তিনি সকাল-সন্ধ্যা ব্যস্ত বিএনপির কুৎসা রটনা নিয়ে।’
তিনি আরো বলেন, ‘মওদুদ আহমেদের বাড়ির সামনে পুলিশের ব্যারিকেড কেন? ঈদের প্রাক্কালে নেতারা তো তার সঙ্গে দেখা করতেই যাবেন। দেখা করতে গেলেই তাদের আটক করা হচ্ছে। মওদুদ সাহেবের বাড়ির সামনে নেতাকর্মীদের ধরার হিড়িক পড়ে গেছে। তিনি যেন এলাকায় কথা বলতে না পারে। কারণ আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে পছন্দ করে।’
রিজভী বলেন, ‘রক্ত পিপাসা নিয়েই আওয়ামী লীগের জন্ম। আর এই রক্তের তৃষ্ণা আওয়ামী লীগের কখনই মিটবে না। তাদের মধ্যে কোনো নান্দনিকতা নেই। মারো ধরো, কাটো, এই হত্যা কর, গুম করো এটাই তাদের ভূষণ। সড়কের দুরবস্থায় এই দুর্ঘটনা ঘটছে।’