Friday, July 31

বিএনপির নেতাকর্মীদের ‘ঠান্ডা’ থাকার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

0

বিএনপির নেতাকর্মীদের ‘ঠান্ডা’ থাকার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

আজ শনিবার দুপুরে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনে বাংলাদেশ ইউরোজিক্যাল সার্জন অ্যাসোসিয়েশনের ১২তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ আহ্বান জানান।

নাসিম আরো বলেন, ‘বেগম জিয়া জেলে আছেন, (তিনি) মাননীয় বিরোধী দলীয় নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী। আদালতের মাধ্যমে আপনি গেছেন ভেতরে, আদালতের মাধ্যমেই ইনশাল্লাহ বেরিয়ে যাবেন। কোনো চিন্তা করতে হবে না, কোনো চিন্তা কইরেন না। বিএনপির বন্ধুদেরকে বলব, একটু ঠান্ডা থাকেন, যেভাবে ঠান্ডা চাই, সেভাবেই ঠান্ডা থাকেন। গরম হওয়ার কোনো চেষ্টা কইরেন না দয়া করে।’

মন্ত্রী বলেন, ‘চিন্তাও করি না যে, কেউ জেলে থাকুক, কাউকে বাদ দিয়ে আমরা ইলেকশন করি, এটা কোনোভাবেই আমরা চাই না। একতরফা খেললে তো লাভ হয় না। একতরফা খেললে ভালো লাগে না। খেলে আবার জিতে যাই ইনশাল্লাহ, খেলে জিতে যাব। খেলে গোল দেব। এই চিন্তা আমরা করি সবসময়।’

এ ছাড়া বর্তমান প্রশ্নপত্র ফাঁস বিষয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। বিষয়টি মহামারি আকার ধারণ করেছে বলে জানান তিনি। এ ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় পরামর্শ দিয়ে, প্রয়োজনীয় সহযোগিতা করতে আগ্রহী বলেও জানান তিনি। আগামী নির্বাচনের আগে ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলেও তিনি জানান।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে বিশেষ আদালতের বিচারক ডা. মো. আখতারুজ্জামান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। এ ছাড়া বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড এবং দুই কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়।

রায়ের খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরোনো কারাগারে রাখা হয়েছে। রায়ের অনুলিপি পেলে জামিনের আবেদন করা হবে বলে তাঁর আইনজীবীরা জানিয়েছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.