Tuesday, August 11

বিএনপির পলিটিক্যাল স্ট্যান্টবাজি এখন ডিপ ফ্রিজে-ওবায়দুল কাদের 

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মন্তব্য করেছেন, গত নির্বাচনের আগে বিএনপি ভিশন-২০৩০ নামে যে পলিটিক্যাল স্ট্যান্টবাজি করেছিল তা এখন ডিপ ফ্রিজে   । প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১, ২০৪১ ও ২১০০, যখন যা করার দরকার তখন তিনি তাই করবেন উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, সব পরিকল্পনাই প্রধানমন্ত্রীর বিবেচনায় আছে। এছাড়া বিএনপির ভিশন আওয়ামী লীগের ভিশন নয় বলেও মন্তব্য করেন তিনি।

আজ শুক্রবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ- আইইবি’তে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি আয়োজিত ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা শেখ হাসিনার উন্নয়নের সংগ্রাম নিরবিচ্ছিন্ন স্বপ্নের মহাসড়কে খুলনা থেকে চট্টগ্রাম’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

বিএনপির কাউন্টার ভিশন কখনো আলোর মুখ দেখবে না উল্লেখ করে সেমিনারে ওবায়দুল কাদের আরও বলেন, এমনিতেই বিএনপি নেতিবাচক রাজনীতির জন্য জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

নদীর নাব্যতা ধরে রাখতে সরকার দৌলতদিয়া-পাটুরিয়ায় ব্রিজ না করে টানেল করার পরিকল্পনা করছে উল্লেখ করে রাস্তা নির্মাণ , রাস্তা মজবুতি করণের পাশাপাশি সঠিক রক্ষণাবেক্ষণের উপরেও জোর দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এর আগে, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর মো. হোসেন মানসুরের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদৌস,আইইবি’র সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল হুদা এবং সড়ক ও জনপদ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী একেএম মনির হোসেন পাঠান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডক্টর এ.এফ.এম সাইফুল আমিন।

 

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.