বিএনপির রাজনীতিতে কখন জোয়ার আসবে সেটা আল্লাহই ভালো জানে : ওবায়দুল কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নেতিবাচক রাজনীতি করতে গিয়ে বিএনপির রাজনীতিতে ভাটা পড়ে গেছে। এখানে কখন জোয়ার আসবে সেটা আল্লাহই ভালো জানে। তাদের সঙ্গে কোনও ধরনের সংলাপের সম্ভাবনা নেই। আওয়ামী লীগও চায় সব দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচন। সব গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করবে এটা তাদের রাজনৈতিক অধিকার। এটা করুণা নয়। করুণা বা দয়ায় কেন বিএনপি নির্বাচনে আসবে। এটা তাদের অধিকার। তবে বিএনপি না এলে কেউ জোড় করে আনবে না।

তিনি বলেন, আমাদের এক সময় ভাটা ছিল। আর এখন ভাটা বিএনপির। আমার মনে হয় আজ যে জোয়ার আওয়ামী লীগের পক্ষে, এ জোয়ারে আগামী নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে। সেইসঙ্গে আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগ এই জোয়ারে ভাসবে বলে আশাবাদ ব্যক্ত করেন কাদের।

আজ(শুক্রবার) সকালে সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রীর গণসংবর্ধনা মঞ্চ পরিদর্শনে এসে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি চায় তাদেরকে নির্বাচনে জয়ের নিশ্চয়তা দিতে হবে, তাহলে তারা নির্বাচনে আসবে। তারা চায় দলীয় নির্বাচন কমিশন। সেতুমন্ত্রী বলেন, নির্বাচনে অংশগ্রহণ করা প্রতিটি রাজনৈতিক দলের অধিকার। বিজয়ের নিশ্চয়তা দিয়ে কাউকে নির্বাচনে আনা হবে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রীর পরিশ্রমের ফলে এই দেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর গণসংবর্ধনার জোয়ারের মধ্য দিয়ে আগামী নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে।

এ সময় সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশের রাজনীতিতে বঙ্গবন্ধুকে হত্যা করার পর ২১ বছর আমরা ভাটায় ছিলাম। আবার যখন বিএনপি ক্ষমতায় ছিল তখনও এক ভয়াল পরিস্থিতিতে ভাটায় ছিলাম। তত্ত্বাবধায়ক সরকাররের সময়ও। তবে আজ আমরা ক্ষমতায় এসে উন্নয়ন করতে পেরেছি। অর্জন করতে পেরেছি, যা দেশে-বিদেশে সমাদৃত হচ্ছে, প্রশংসিত হচ্ছে। মাত্র কয়েক বছরে এ অর্জন-প্রবৃদ্ধি সব প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য অর্জিত হয়েছে। তাই প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে অভূতপূর্ব অগ্রগতির কারণে আগামী নির্বাচনেও জোয়ারে ভাসবে আওয়ামী লীগ।

সেতুমন্ত্রীর সঙ্গে এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল অলম হানিফ, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, এ কে এম এনামুল হক শামীম, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.