Thursday, September 3

ভারতে পাচার ২৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে হস্তান্তর

0

মোঃ আয়ুব হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ ভালো কাজের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় ভারতে পাচার হওয়া ২৪ জন বাংলাদেশিকে দুই থেকে চার বছর পর ফেরত দিচ্ছে ভারত সরকার।

শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়ায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে হস্তান্তর করেছে । ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করবে । পরবর্তীতে বেনাপোল পোর্ট থানা কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে পৌঁছে দিতে রাইটস যশোর নামে একটি এনজিও সংস্থা তাদের গ্রহণ করেন ।

ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ১১ জন কিশোর ও ১৩ জন যুবক রয়েছে। এদের বাড়ি সাতক্ষীরা, যশোর, নড়াইলসহ দেশের বিভিন্ন জেলায়।

জানা গেছে, সংসারে অভাব-অনটনের কারণে দুই থেকে চার বছর আগে এসব বাংলাদেশি কিশোর-যুবকরা ভাল কাজের আশায় দালালের খপ্পরে পড়ে সীমান্ত পথে ভারতে যায়। পরে দালাল চক্র ভাল কাজের প্রতিশ্রুতি ভঙ্গ করে তাদের ফেলে পালিয়ে আসে। এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ বিভিন্ন স্থান থেকে আটক করলে অন্ধ্রপ্রদেশের ভিজাপুর করনেটো জেলহাজতে ঠায় হয় তাদের। সেখান থেকে তালাশ অ্যাসোসিয়েশন নামে ভারতের একটি এনজিও সংস্থা তাদের জেল থেকে ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরবর্তীতে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে স্বদেশ প্রত্যাবর্তন আইনে তাদের দেশে ফেরার ব্যবস্থা করা হয়।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, পাচার হওয়া ২৪ বাংলাদেশি কে ভারতের ইমিগ্রেশন পুলিশ শুক্রবার দুপুর সাড়ে ১১টায় হস্তান্তর করেছেন। তাদের বেনাপোল পোর্ট থানায় দেওয়া হবে। সেখান থেকে রাইটস যশোর নামে একটি এনজিও গ্রহন করবে।

রাইটস যশোরের তথ্য ও অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুজ্জামান ২৪ জন বাংলাদেশিদের ফেরত আসার বিষয়টি নিশ্চিত করে বলেন ফেরত আসা বাংলাদেশিরা যদি পাচারকারীদের শনাক্ত করে মামলা করতে চায় তবে তাদের আইনি সহয়তা দেওয়া হবে বলেও জানান এই এনজিও কর্মকর্তা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.