Wednesday, August 19

ভাল আছেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার

0

মোঃরাব্বী হোসাইন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ করোনাভাইরাসে আক্রান্ত নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের শারীরিক অবস্থা ভালো। তিনি আগের চেয়ে সুস্থ অনুভব করছেন।

সোমবার (৪ মে) সন্ধ্যায় শহীদুজ্জামানের দীর্ঘদিনের রাজনৈতিক সহচর বর্তমান সরকারের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্ত্রী বলেন, ‘খোঁজ খবর নেয়ার জন্য প্রতিদিনই ফোনে কয়েকবার করে কথা হচ্ছে শহীদুজ্জামান সরকারের সাথে। আজ কথা বলার সময় আগের চেয়ে অনেকটা সুস্থ অনুভব করছেন বলেই জানিয়েছেন শহীদুজ্জামান। দু’দিন ধরে শরীরে জ্বর নেই, কাশি বা গলাব্যথাও নেই। খাবার গ্রহণের রুচি ফিরেছে।’

শহীদুজ্জামান সরকারের পরিবারের অন্যান্য সদস্যরাও ভালো আছেন। কারো শরীরে এখন পর্যন্ত অসুস্থতার কোনো উপসর্গ দেখা যায়নি। তিনি নির্বাচনী এলাকা নওগাঁ ও দলীয় নেতা-কর্মী ও সর্বস্তরের মানুষ তথা দেশবাসীর কাছে তার রোগ মুক্তির জন্য দোয়া প্রার্থনা করেছেন বলে জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ।

এদিকে, শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে শহীদুজ্জামান সরকার ন্যাম ভবনে (সাংসদের বাসভবন) সুরক্ষা নিয়ম মেনে অবস্থান করছেন। তিনি নিয়মিত ওষুধ সেবন, খাওয়া ও বিশ্রাম নিচ্ছেন।

এর আগে, ২৮ মার্চ নির্বাচনী এলাকা নওগাঁ থেকে ঢাকায় ফিরে তার শরীরে করোনা উপসর্গ দেখা দেয়। সন্দেহ দেখা দিলে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করে ১ মার্চ করোনা আক্রান্ত বলে আইইডিসিআর তাকে নিশ্চিত করে।

আক্রান্ত এমপি শহীদুজ্জামান সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। করোনা আক্রান্ত হওয়ার পর তার সংস্পর্শে আসা আরও দুই এমপিসহ ৬ ভিআইপি ও মোট ৭১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য করোনা ল্যাবে পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ।

তাদের মধ্যে আছেন নওগাঁ-৬ আসনের এমপি ইসরাফিল আলম, নওগাঁ-৩ আসনের এমপি সলিম উদ্দিন তরফদার, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, জেলা প্রশাসক হারুন অর রশিদ, পুলিশ সুপার আব্দুল মান্নান ও সিভিল সার্জন আখতারুজ্জমান। তারা প্রত্যেকেই হোম কোয়ারেন্টাইনে আছেন।

এছাড়াও এমপি শহীদুজ্জামান সরকারের নির্বাচনী এলাকা নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) এর উপজেলা চেয়ারম্যান, ইউএনও, সরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তা, আওয়ামী লীগের নেতা-কর্মীসহ বেশ কিছু সংখ্যক ব্যক্তি হোম কোয়ারেন্টাইনে আছেন। পর্যায়ক্রমে তাদের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হচ্ছে বলে জানা গেছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.