Monday, September 21

মন্ত্রিসভার বৈঠকে গেছেন নতুন মন্ত্রী নারায়ণ

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে বুধবার মন্ত্রিসভার বৈঠকে গেছেন সদ্য শপথ নেওয়া মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। তবে মঙ্গলবার সন্ধ্যায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া অন্য তিনজন অংশ নেননি।

জানা গেছে, দপ্তর বণ্টনের পর তারা আগামী বৈঠক থেকে অংশ নেবেন। এ ছাড়া বুধবারই ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মনিরা বেগম জানান, শপথ নেওয়া মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে শুধু নারায়ণ চন্দ্র চন্দ স্যার মন্ত্রিসভার বৈঠকে এসেছেন। অন্যরা আসবেন না। তারা পরবর্তী বৈঠকে আসবেন।

মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মাখন লাল শীল জানান, বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে। চিকিৎসার জন্য মন্ত্রীর বিকেলে পূর্বনির্ধারিত সূচিতে ভারত যাওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি।

ইতিমধ্যেই সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নামফলকে নারায়ণ চন্দ্র চন্দের নাম স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, তথ্য-প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার, লক্ষ্মীপুর ৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল।

এ ছাড়া রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য (এমপি) কাজী কেরামত আলী প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
নারায়ণ চন্দ্রকে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী, আইসিটি ব্যক্তিত্ব মোস্তাফা জব্বারকে টেকনোক্র্যাট কোটায় এবং সংসদ সদস্য শাহজাহানকে মন্ত্রী করে আদেশ জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাদের শপথ পড়ান।

জানা গেছে, নতুন তিন মন্ত্রী ও এক প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করা হবে আজ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.