সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার রেলস্টেশনে কুশিয়ারা এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর সোয়া দুইটার দিকে আখাউড়া থেকে ছেড়ে আসা সিলেটগামী কুশিয়ারা এক্সপ্রেসের ইঞ্জিনের বগিতে আগুন লাগলে যাত্রী ও জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ট্রেনে আগুন দেখে রেলওয়ে কর্তৃপক্ষ সিলেট ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ইঞ্জিন বগির আগুন নিয়ন্ত্রণে আনে।
সিলেট ফায়ার সার্ভিস কর্মকর্তা মিজানুর রহমান আরটিভি অনলাইনকে বলেন, ট্রেনের ইঞ্জিন মাত্রাতিরিক্ত গরম হয়ে আগুনের সূত্রপাত হয়। ইঞ্জিনের কি পরিমাণ ক্ষতি হয়েছে তা সংশ্লিষ্ট বিভাগের প্রকৌশলীরা তদন্ত করে বলতে পারবেন। তবে এ ঘটনায় কেউ আহত হননি।