Friday, July 31

যৌতুক মামলায় জামিন পেলেন ক্রিকেটার আরাফাত সানি

0

যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপুর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন সানি। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। সানির আইনজীবী ছিলেন জুয়েল আহম্মেদ ও মুরাদুজ্জামান মুরাদ।

মুরাদুজ্জামান বলেন, আরাফাত সানী চিকুনগুনিয়ায় আক্রান্ত। এজন্য তিনি অভিযোগ শুনানির ধার্য দিন গতকাল রোববার আদালতে হাজির হতে পারেননি। আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে অবগত হয়ে আরাফাত সানী আজ আত্মসর্পণ করে জামিন চান। বিজ্ঞ আদালত তাকে জামিন দেন।

২৩ জানুয়ারি ঢাকা মহানগর হাকিম রায়হানুল ইসলামের আদালতে সানীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন তার স্ত্রী নাসরিন সুলতানা। ওই দিন আদালত আরাফাত সানীর বিরুদ্ধে সমন জারি করে তাকে ৫ এপ্রিল আদালতে হাজির হতে নির্দেশ দেন। ৫ এপ্রিল ঢাকা মহানগর হাকিম নূর নবীর আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন আরাফাত সানী। এরপর মামলাটি নূর নবীর আদালত থেকে বিচারের জন্য জাকির হোসেন টিপুর আদালতে বদলি করা হয়। মামলাটি বদলি হয়ে আসার পর ১৯ জুন একই আদালত আরাফাত সানীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরদিন আত্মসমর্পণ করে জামিন নেন আরাফাত সানী।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, আসামি ক্রিকেটার আরাফাত সানীর সঙ্গে ২০১৪ সালের ৪ ডিসেম্বর নাসরিনের বিয়ে হয়। বিয়ের পর তারা বাসা ভাড়া নিয়ে একসঙ্গে বসবাস করেন। কিন্তু সানীর পরিবার বিয়ে মেনে নিতে চাননি। পরে সানী নাসরিনের কাছে ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.