Friday, July 31

রাঙামাটিতে ছাত্রলীগের হরতাল চলছে

0

জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক  সুপায়ন চাকমাকে মারধর করার প্রতিবাদে এবং পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক দলগুলোর অব্যাহত সন্ত্রাস বন্ধের দাবিতে জেলা ছাত্রলীগের ডাকে পার্বত্য শহর রাঙামাটিতে হরতাল চলছে।

সকাল থেকেই হরতালের সমর্থনে রাঙামাটি শহরের বিভিন্ন স্থানে পিকেটিং করছে ছাত্রলীগ নেতাকর্মীরা। শহরের তবলছড়ি, বনরূপা, রিজার্ভবাজার, কলেজগেইট, ভেদভেদীসহ বিভিন্ন পয়েন্টে ছাত্রলীগ নেতাকর্মীদের পিকেটিং করতে দেখা গেছে।

হরতালের আওতামুক্ত রয়েছে এসএসসি পরীক্ষার্থীরা। তাদের নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্রে যাওয়া আসা নিশ্চিত করতে ছাত্রলীগ কর্মীরা সহযোগিতা করবেন বলে জানিয়েছেন ছাত্রলীগ নেতারা।

প্রসঙ্গত,সোমবার সন্ধ্যায় রাঙামাটি স্টেডিয়ামে খেলা শেষে বাড়ি ফেরার পথে জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সুপায়ন চাকমাকে একদল পিসিপি কর্মী ব্যাপক মারধর করে বলে অভিযোগ করেছে ছাত্রলীগ। এর প্রতিবাদে তাৎক্ষণিকভাবে রাঙামাটি শহরে অবরোধ সৃষ্টি করে পুরো শহর অচল করে দিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন ছাত্রলীগ কর্মীরা।

এ সময় রাস্তায় টায়ারও জ্বালান তারা। পরে পুলিশ এসে টিয়ারশেল ও ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার রাঙামাটিতে সকাল সন্ধ্যা হরতালের ডাক দেন জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন। ছাত্রলীগের কর্মসূচিকে সমর্থন করে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বরও। পুরো শহরেই থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.