রাজধানীর উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার উত্তরার আজমপুর রবীন্দ্র সরণি আমির কমপ্লেক্সের সামনে ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- এনামুল, হনুফা ও অনিক।
মৃত হনুফার মেয়ে সাদিয়া সুলতানা জানান, তাদের বাড়ি বরিশাল গৌরনদী। তারা বর্তমানে রায়েরবাজার এলাকায় থাকেন। অনিক তার মামাতো ভাই। ভোরে তাদের পরিচিত এনামুলের মোটরসাইকেল করে অনিকের বাবা অসুস্থ ইয়াকুবকে দেখতে গাজিপুর বোর্ডবাজার এলাকায় যাচ্ছিলেন হনুফা বেগম। পথে এ দুর্ঘটনার ঘটে।
তিনি জানান, তার মা বাসাবাড়িতে কাজ করেন। আর রায়েরবাজারে রিকশা মেরামতের গ্যারেজে কাজ করতো অনিক।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আকতারুজ্জামান ইলিয়াস জানান, আজমপুর রবীন্দ্র সরণি এলাকায় একটি কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে হনুফা ও এনামুল মারা যায়। এদের সঙ্গে থাকা অনিক নামে একজনকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।