রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। আজ বুধবার সকাল ১০টা ৫০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
রাজধানীসহ দেশের চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, চাঁদপুর, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ ও ফেনীতে একযোগে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসামে। জানা গেছে, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৪।
এর আগে ১০টা ২৫ নাগাদ কম্পন অনুভূত হয়েছে ভারতের উত্তরবঙ্গ ও কলকাতায়। কম্পন অনুভূত হয়েছে শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার থেকে শুরু করে মালদহ মুর্শিদাবাদেও।
এর আগে গত ৭ জানুয়ারী ভারত-মিয়ানমার সীমান্তের কাছে ভারতের মণিপুর রাজ্যে এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্রস্থল রাজ্যটির ১০০ কিলোমিটার দূরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৫। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
২০১৫ সালের এপ্রিল থেকে মে মাসে নেপালে বেশ কয়েকটি বড় মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এতে আট হাজারের বেশি প্রাণহানির ঘটনা ঘটে। আর এ ভূকম্পনে কেঁপে ওঠে বাংলাদেশও।