Saturday, September 12

ন্যায়বিচার ও নিরাপদে নিজ দেশে ফিরে যেতে চান রোহিঙ্গারা
রোহিঙ্গাদের মুখে ধর্ষণ-হত্যার বিবরণ শুনলেন জাতিসংঘ মহাসচিব

0

মিয়ানমার থেকে নির্যাতিত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মুখ থেকে ভয়াবহ নির্যাতন, ধর্ষণ ও হত্যার বিবরণ শুনলেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, কক্সবাজারে আশ্রয়শিবির থেকে রোহিঙ্গাদের হত্যা ও ধর্ষণের যে বিবরণ শুনেছি, তা অকল্পনীয়। তারা ন্যায়বিচার ও নিরাপদে নিজ দেশে ফিরে যেতে চান।

আজ সোমবার কুতুপালংয়ে রোহিঙ্গা আশ্রয় শিবিরে ঘোরার ফাঁকে ক্ষুদে ব্লগ টুইটারে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। রোহিঙ্গা শিবিরে ওই সব নির্যাতিত রোহিঙ্গাদের করুণ কাহিনী তারা নিজের কানে শুনলেন। সংক্ষিপ্ত বৈঠকে রোহিঙ্গারা মিয়ানমারের সেনা ও দেশটির উগ্র বৌদ্ধদের নির্যাতনের কথা তুলে ধরেন। পাশাপাশি পূর্ণ মর্যাদা নিয়ে তারা নিজেদের ভূমিতে ফিরে যেতে চান বলে জানিয়েছেন।

রোহিঙ্গারা বলেন, নাগরিক হিসেবে পূর্ণ অধিকার ছাড়া মিয়ানমার কখনো রোহিঙ্গাদের জন্য নিরাপদ হবে না। তাই সব অধিকার নিয়েই আমরা নিজ দেশে ফিরে যেতে চাই।

সোমবার সকাল ৯টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে অ্যান্তনিও গুতেরেস ও জিম ইয়ং কিম কক্সবাজারে পৌঁছান। পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীও তাদের সঙ্গে রয়েছেন। বেলা সাড়ে ১১টার দিকে তারা বালুখালী ট্রানজিট পয়েন্টে যান। সেখানেই রোহিঙ্গাদের সঙ্গে বৈঠক করেন তারা।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান বলেন, জাতিসংঘের মহাসচিব ও বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ট্রানজিট পয়েন্ট ঘুরে দুপুর ২টার দিকে উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবেন।

সেখানে তারা রোহিঙ্গাদের থাকা, খাওয়া ও চিকিৎসা সেবা পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি মিয়ানমার থেকে পালিয়ে আসা কুতুপালংয়ের ডি-৫ ব্লকে নির্যাতিত অর্ধশত রোহিঙ্গা নারী ও একশ পুরুষের সঙ্গে আলাপ করবেন।

এরপর আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর পাঁচটি প্রাথমিক স্বাস্থ্য সেবাকেন্দ্র পরিদর্শন করবেন। সর্বশেষ একই ব্লকে প্রেস ব্রিফিং করার কথা রয়েছে।

এ বিষয়টি নিজ টুইটারে শেয়ার করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। জাতিসংঘ মহাসচিব টুইটে লিখেছেন, আমি বাংলাদেশের কক্সবাজারে মিয়ানমার থেকে পালিয়ে এসে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের কাছ থেকে হত্যাকাণ্ড ও ধর্ষণের কথা শুনেছি। তারা ন্যায়বিচার চায় এবং নিরাপদে বাড়িতে ফিরে চান।

দুপুর ২টার পর তাদের প্রেস ব্রিফিং করার কথা রয়েছে। বিকাল সাড়ে ৫টা দিকে ঢাকার পথে রওনা দেবেন। এর আগে সাড়ে ৪টার দিকে আন্তর্জাতিক দাতা সংস্থা ও এনজিও কর্মকর্তা ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে করবেন। আর এ নিয়ে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা রেডিসন হোটেলে প্রেস ব্রিফিং করার কথা রয়েছে।শনিবার ৪৮ ঘণ্টার সফরে বাংলাদেশ আসেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।

রোববার সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেন জাতিসংঘের মহাসচিব ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট। বৈঠকে রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন তারা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.