চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৫ কেজি ওজনের ১৩০ পিস স্বর্ণবার জব্দসহ একজন আটক করেছে কাস্টমস। জব্দ করা স্বর্ণবারের মূল্য প্রায় সাড়ে ৭ কোটি টাকা হবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে এ স্বর্ণবার জব্দ করা হয়।
বিমানবন্দর ব্যবস্থাপক উইং কমান্ডার সরোয়ার জামান জানান, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটটি চট্টগ্রামে আসে শুক্রবার সকাল ৮ টা ১০ মিনিট। বিমানবন্দরে সন্দেহ হওয়ায় জয়নালকে তল্লাশি চালানো হয়। এসময় তার কাছে থাকা চার্জার লাইট খুলে ১৩০ টি সোনার বার উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, জব্দ করা স্বর্ণবারের ওজন ১৫ কেজি ১৬৩ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য প্রায় সাড়ে ৭ কোটি টাকা। আটক জয়নালকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।