এস এম জহিরুল ইসলাম গাজীপুর: গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার ৬নং ওয়ার্ড উজিলাব গ্রামের হলাটিচালা এলাকার এজি ফুডস লিমিটেড নামক কারখানাটি বন্ধ হয়নি। কারখানাটি বন্ধের দাবিতে ওই এলাকার প্রায় শতাধিক মানুষ প্লেকার্ড হাতে নিয়ে মানববন্ধন করেছে। শনিবার (১১ এপ্রিল) সকাল দশটায় ওই কারখানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বসহ আতঙ্কিত বাংলাদেশ। মহামারী ভাইরাসের কারণে ইতিমধ্যে বন্ধ করে দেয়া হয়েছে বিভিন্ন জেলার সাথে যোগাযোগ ব্যবস্থা। এক জেলার গাড়ি অন্য জেলায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। গৃহবন্দী হয়ে মানুষ জীবন কাটাচ্ছেন। সরকারি নিষেধ অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবেনা। সন্ধ্যা ছয়টার পরে ঘর থেকে বের হলেই নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা।
মানববন্ধনে অংশ নেয়া ব্যক্তিরা বলেন,এজি ফুডস লিমিটেড কারখানায় প্রতিদিনই প্রবেশ করছে বিভিন্ন এলাকা থেকে ঘুরে আসা গাড়ি। এসকল গাড়ি গ্রামের আঞ্চলিক রাস্তা দিয়ে যাওয়ায় গ্রামবাসীদের মধ্যে বেড়েছে আতঙ্ক। কারখানাটি খোলা থাকায় কর্মরত শ্রমিকরা প্রতিদিনই আনাগোনা করছে। যখন সব মানুষের ঘরের ভেতরে থাকার কথা এমন সময় মানুষের আনাগোনায় গ্রামবাসীরা করোনা আতঙ্কে ভুগছেন। অতিসত্বর কারখানাটি বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরে আলম মোল্লা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গোটা বাংলাদেশে লকডাউন চলছে। তারই ধারাবাহিকতায় কোন কারখানা খোলা নেই। সরকারের আদেশ অমান্য করে কোন কারখানা চালানো সম্পূর্ণ বেআইনি। সকলের নিরাপত্তার স্বার্থে ওই কারখানা বন্ধ করার দাবিতে সহমত জানাচ্ছি।
এজি ফুডস কারখানার পক্ষ থেকে খলিলুর রহমান বলেন, আমরা সড়কে ব্লিচিং পাউডার ছিটিয়েছি। গাড়ি কারখানায় প্রবেশ করার পূর্বে জীবাণুনাশক স্প্রে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমাদের কারখানাটি খাদ্য তৈরি করে। নিরাপত্তা নিশ্চিত করে আমরা কারখানাটি চালাচ্ছি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, শ্রীপুর পৌর এলাকার উজিলাব গ্রাম কমিটির সভাপতি আব্দুল বারেক, সাধারণ সম্পাদক তাইজুদ্দিন, নাজিম উদ্দিন, শরিফুল ইসলাম, আমিনুল ইসলাম, সাইফুল ইসলামসহ শতাধিক মানুষ।