জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্যরা জাতীয় সংসদের স্পিকারের আশ্বাসে অধিবেশনে যোগ দিচ্ছেন । আজ সোমবার জাপা চেয়ারম্যানের প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে খন্দকার দেলোয়ার জালালী বলেন, দলের চেয়ারম্যান জি এম কাদের এক নির্দেশনায় দলের সব এমপিকে অধিবেশনে যোগ দিতে বলেছেন।
এর আগে জাতীয় সংসদে যেতে জাপা চেয়ারম্যান জি এম কাদেরকে বিরোধীদলীয় নেতা হিসেবে গেজেট প্রকাশের শর্ত দিয়েছেন দলটির সংসদ সদস্যরা (এমপি)। গতকাল রোববার বিরোধীদলীয় উপনেতার কার্যালয়ে জি এম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত জাপা সংসদীয় দলের সভায় সর্বসম্মতিক্রমে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
এ বিষয়ে রোববার রাতে জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, ‘সংসদীয় দল জি এম কাদেরকে বিরোধীদলীয় নেতা নির্বাচিত করেছে। কিন্তু স্পিকার দুই মাসেও তাকে স্বীকৃতি দেননি। স্পিকারের কার্যালয় বলছে, রওশন এরশাদ বিরোধীদলীয় নেতা। জিএম কাদের আমাদের নেতা। আমরা তাহলে কার নেতৃত্বে সংসদে যাব।’
জাতীয় সংসদে এখন বিরোধীদলীয় নেতা হিসেবে রয়েছেন রওশন এরশাদ। তাকে বাদ দিয়ে জি এম কাদেরকে বিরোধীদলীয় নেতা হিসেবে চান জাপার এমপিরা। জি এম কাদেরকে বিরোধীদলীয় নেতা করার জন্য গত ১ সেপ্টেম্বর স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে চিঠি দিয়েছিল দলটি। কিন্তু স্পিকার এখনো কোনো সিদ্ধান্ত জানাননি।