Tuesday, August 18

সঙ্কটময় পরিস্থিতিতে ভারসাম্যহীনদের পাশে ওরা পাঁচজন

0

কিকিউ মার্মা, বান্দরবান: দেশব্যাপী করোনা ভাইরাস সংক্রমন রোধে সরকারের গৃহীত পদক্ষেপ অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রাখতে সবাই যখন বাড়িতে অবস্থান করছে ঠিক সে সময় রাতের বেলা জনমানবহীন রাস্তায় পাঁচ যুবক বাইক নিয়ে ছুটে বেড়াচ্ছে শহরের অলিতে-গলিতে মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী পাগলের সন্ধানে। তাঁদের উদ্দেশ্য ক্ষুধার্ত পাগলদের মুখে খাবার তুলে দিবে।

মঙ্গলবার রাতে বান্দরবান শহরের বিভিন্ন জায়গায় তিনটি বাইক নিয়ে ঘুরতে দেখা গেছে এমন পাঁচ যুবককে। বাইকের সামনে লিখা ভারসাম্যহীন পাগলদের জন্য খাবার। সন্ধান দিতে মাইকিং করছে। তাছাড়া পথেঘাটে পড়ে থাকা কুকুরদেরও খাবার দিতে দেখা গেছে।

জানা গেছে, বান্দরবান শহরে বসবাসরত পাঁচ জন রিজভী, শিমুল, বাবলু, জিকু, আল আমিন নিজেদের জমানো টাকায় বাজার ও বাসায় রান্না করে বাইকের পিছনে খাবার নিয়ে শহরের বিভিন্ন জায়গায় খুঁজে খুঁজে মানসিক ভারসাম্যহীন পাগলের হাতে ভাতের প্যাকেট ও পানি তুলে দেয় তারা।

শিমুল দাশ বলেন, এই পরিস্থিতে ভারসাম্যহীন (অপ্রকৃতস্থ) মানুষ খাদ্যসঙ্কটে চরম মানবেতর জীবন-যাপন করছে। যাদের ঠিকানা রাস্তায়, বীচে কিংবা গাছতলায়। ওঁদের একমাত্র খাবার জুটত বিভিন্ন হোটেল-রেস্তরা থেকে। কিন্তু বর্তমানে সব বন্ধ থাকায় ভারসাম্যহীন অসহায় মানুষগুলো পেটের ক্ষুধার জ্বালায় আরও কাহিল হতে পারে। এই মুহূর্তে তাদের পাশে দাঁড়ানো আমরা মানুষ হিসেবে আমাদের দায়িত্ব। এখন ওরা পেটপুরে খেতে পাচ্ছে।
বান্দরবানে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি থাকলে তাদের খাবারের জন্য 01823836590, 01815116653, 01820433900 এই নাম্বার গুলোতে যোগাযোগ করুন, আমরা তাদের খাবার পৌঁছে দিবো।

এমন উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে রিজভী রাহাত বলেন, জাতীয় দুর্যোগকালীন এই সময়ে সবাইকে সহযোগিতামূলক মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে। যার যেখানে কর্তৃত্ব আছে, করণীয় আছে, সেখানেই ইতিবাচক ভূমিকা রাখতে হবে, যাতে মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হয়।

যতদিন দেশ থেকে এই সংক্রামক দূর না হচ্ছে আমরা প্রতিদিন চেষ্টা করবো মনাসিক ভারসাম্যহীনদের পাশে থাকতে, আপনিও এগিয়ে আসুন।

দেশব্যাপী সঙ্কটময় এ পরিস্থিতিতে ভারসাম্যহীন মানুষগুলোর পাশে দাঁড়ানো পাঁচ যুবকের ব্যতিক্রমী এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বান্দরবানের বাসিন্দারা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.