আড়াই দশকেরও বেশি সময় ধরে নায়কের চরিত্রে কাজ করে যাচ্ছেন।অ্যাকশন থেকে কমেডি, সব ধরনের ছবিতে সমান দক্ষ। বছরে সবথেকে বেশি ছবিও করেন তিনি। তাঁর ছবি মানেই হিট। এই বয়সেও কীভাবে সাফল্য ধরে রেখেছেন? জানালেন অক্ষয় কুমার। বললেন, বলিউডে কয়েকদিন আগে অভিষেক করেছেন, এটা মাথায় রেখে চলেন। তাতে কাজের উৎসাহ পান।
অভিনেতার কথায়, মাত্র দু’সপ্তাহ আগে বলিউডে অভিষেক করেছি। এটা মনে করি। পরখ করে দেখতে পারেন।
ওয়াদা রাহা সনাম গানটি চালিয়ে দেখুন, আমি এক্ষুনি নাচতে শুরু করব। কোনওসময় উৎসাহ হারাতে দিই না। সিনেমা তো আমার প্যাশন, সবকিছু। বয়স তো একটা নম্বর মাত্র। আমি মাথায় রাখতেই পছন্দ করি না। প্রথমদিনে আমি যে মানুষটি ছিলাম আজও তাই আছি।
অক্ষয়ের সাফল্য নিয়ে প্রশ্ন করা হয় পরিচালক সুনীল দর্শনকে। তাঁর জানোয়ার, এক রিস্তা, তলাশের মতো ছবিতে কাজ করেছেন অক্ষয়। তাঁকে খুব কাছ থেকে দেখেছেন সুনীল। বলেন, প্রত্যেকটি ছবিতে উন্নতি করেছেন অক্ষয়। যতদিন গড়িয়েছে, ক্যারিয়ারে তত উপরের দিকে উঠেছেন অক্ষয়।
অক্ষয়ের দরাজ প্রশংসা করেন ছবি নির্মাতা ফারাহ খান। অক্ষয়ের এই জায়গায় আসা যে সহজ ছিল না সেকথা মনে করিয়ে দিয়েছেন। তাঁর কথায়, অক্ষয়কে আমি জো জিতা ওহি সিকান্দারের অডিশনের সময় থেকে চিনি। একজন সত্যিকারের লড়াকু মানুষ অক্ষয়। একসময় বি গ্রেড ছবিতে কাজ করতেন। ছিলেন অ্যাকশন হিরো। পরে কমেডি নায়ক হিসেবে আত্মপ্রকাশ। এখন তো সিরিয়াস ছবিতে দেখা যাচ্ছে। সত্যিই খুব ভালো ক্যারিয়ার। ওভাবে শুরু করে এই জায়গায় আসা মোটেও সহজ কাজ নয়।