নওগাঁ প্রতিনিধি: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাড. মোস্তাফিজুর রহমান বলেছেন, সরকার চায় জ্ঞাননির্ভর জাতি গঠন করতে। এ জন্য জ্ঞাননির্ভর শিক্ষার্থী গড়তে শিক্ষকদের গুরুত্বপূর্ন ভুমিকা রাখতে হবে। এ লক্ষে সরকার সকল সমস্যা নিরসন করে শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মর্যাদা ও মান উন্নয়নে সচেষ্ট রয়েছে। এ ক্ষেত্রে তিনি বলেছেন আগামী ২০১৮ সালের মধ্যে দেশের সকল অনুপযোগি ক্লাশরুম সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে।
শুক্রবা বেলা ১১টায় নওগাঁ জিলা স্কুল মাঠে বাংলাদেশ কিন্ডারগার্টেন ও প্রি-ক্যাডেট এ্যাসোসিয়েশন ঢাকা কর্তৃক আয়োজিত ২০১৬ সালে বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মধ্যে সনদপত্র বিতরণে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেছেন।
সংগঠনের মহাসচিব মঞ্জুর আহমেদের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ অ্যাড. শহিদুজ্জামান সরকার এমপি, নওগাঁ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এমপি, সাধারন সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি, ইসরাফিল আলম এমপি, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাজমুল হক প্রধান এবং নওগাঁ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড: একেএম ফজলে রাব্বী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ’র অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, প্রাথমিক শিক্ষা রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক আবুল খায়ের, কিন্ডারগার্টেন ও প্রিক্যাডেট এ্যাসোসিয়েশনের উপদেষ্টা নজরুল ইসলাম দেওয়ান, সংগঠনের সদস্য আবুল কালাম আজাদ এবং শিক্ষার্থী মোহনা।
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আরো বলেন, বাংলাদেশের ১৭ কোটি মানুষ বোঝা নয়, তাদের মানবসম্পদে পরিনত করতে চাই। শিক্ষাখাতকে বিশেষ গুরুত্ব দিয়ে সরকার সেই লক্ষে কাজ করছে। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে জ্ঞানী মানুষ তৈরী করতে হবে। সেই জ্ঞানী মানুষদের সম্পদ হিসেবে সারা বিশে^ ছড়িয়ে দিতে হবে। এ সরকারের প্রভুত উন্নয়ন কার্যক্রমের তথ্য তুলে ধরে মন্ত্রী আরও বলেন ইতিমধ্যে আমরা এমডিজি অর্জন করতে সক্ষম হয়েছি। এখন লক্ষ এসডিজি অর্জন। সেই লক্ষেই প্রয়োজন টেকসই উন্নয়ন।