Monday, August 31

সাব্বিরের জমকালো হলুদ অনুষ্ঠান

0

চলতি বছর মার্চে বান্ধবী অর্পার সঙ্গে গাঁটছড়া বাঁধেন জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান। টানা খেলার মধ্যে থাকায় ওই সময় বিবাহোত্তর সংবর্ধনা করতে পারেননি তিনি। কিন্তু এবার সেই সংবর্ধনা সারতে যাচ্ছেন ডানহাতি এই ব্যাটসম্যান। যার প্রথম ধাপ হিসেবে গতকাল হয়ে গেল জাঁকজমকপূর্ণ হলুদ অনুষ্ঠান।

চার দিনব্যাপী বিয়ের অনুষ্ঠানের আয়োজন করছেন সাব্বির। চার দিনের অনুষ্ঠানে জাঁকজমকের কোনো কমতি রাখছেন না তিনি। গতকাল শনিবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে হলুদের মধ্য দিয়ে শুরু হয় তাঁর বিয়ের অনুষ্ঠান। শেষ হবে আগামী ২৫ আগস্ট রাজশাহীতে বৌভাত দিয়ে।

আজ রোববার কনেপক্ষের বাড়িতে বরযাত্রী অনুষ্ঠান। একদিন বাদে ২০ তারিখ হবে বৌভাত। এরপর স্ত্রীকে নিয়ে নিজ গ্রাম রাজশাহীতে যাবেন তিনি। সেখানে নিজের এলাকায় ২৫ আগস্ট আরেকটি বৌভাত অনুষ্ঠানের বন্দোবস্ত করেছেন মিডলঅর্ডার এই ব্যাটসম্যান।

বিয়েকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দাওয়াত দিয়েছেন সাব্বির রহমান। গত শুক্রবার সন্ধ্যায় মা-বাবাকে সঙ্গে নিয়ে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর হাতে বিয়ের দাওয়াত কার্ড তুলে দেন সাব্বির।

আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ সামনে রেখে ১৯ আগস্ট থেকে শুরু হবে টাইগারদের প্রস্তুতি ক্যাম্প। তবে ক্যাম্পের শুরুর দিকে থাকছেন না সাব্বির। বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে এরই মধ্যে বিসিবি থেকে ১০ দিনের ছুটি নিয়েছেন তিনি। সব আনুষ্ঠানিকতা সেরে আগামী ২৮ আগস্ট টাইগার ক্যাম্পে যোগ দেবেন ২৭ বছর বয়সী এই ক্রিকেটার।

সাব্বিরের স্ত্রী অর্পা উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। গত মার্চে মা-বাবা ও কাছের কয়েকজন আত্মীয়স্বজনকে নিয়ে ঘরোয়া পরিবেশে আকদ হয়েছিল সাব্বির-অর্পার।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.