রবিবার (০৮ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক (উত্তর) বিভাগের উদ্যোগে চট্টগ্রাম মহানগরে চলাচলরত সিএনজি চালিত অটোরিক্সায় পরিচিতির কার্ড স্থাপন কার্যক্রমের উদ্বোধন করা হয়। এই উপলক্ষে বন্দর নগরীর পাঁচলাইশ থানাধীন কাতালগঞ্জ মোড়ে সিএনজি অটোরিক্সায় মালিক ও চালকের পরিচিতির কার্ড স্থাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব এস. এম. মোস্তাক আহমেদ খান বিপিএম, পিপিএম (বার) মহোদয়। বন্দর নগরীর ট্রাফিক ব্যবস্থাপনায় জনসাধারণের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে নতুন এই উদ্যোগ গ্রহণ করছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। এখন থেকে সিএনজি অটোরিক্সায় চালকগণ গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষনের পাশাপাশি গাড়িতে মালিক ও চালকের পরিচিতি মূলক কার্ড ঝুলিয়ে রাখবেন। অটোরিক্সায় পরিচিতি কার্ড লাগানোর ফলে যাত্রীসাধারণ নিজেকে নিরাপদবোধ করবেন। এছাড়া কোন কিছু হারিয়ে গেলে বা ছিনতাই হলে বা কোন অপরাধ সংগঠিত হলে অতি দ্রæত মালিক ও চালককে সনাক্ত করা সম্ভব হবে। এতে অপরাধ প্রবণতা কমবে ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।
এছাড়া উক্ত অনুষ্ঠানে উপ-পুলিশ কমিশনার ডিসি (ট্রাফিক-উত্তর) জনাব মোঃ আমির জাফর, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) জনাব মোঃ তারেক আহম্মেদ সহ পরিবহন সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।