নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান হিসেবে তিন বছরের জন্য নিয়োগ পেয়েছেন প্রকৌশলী মো. নুরুল করিম। আজ মোহাম্মদ ইউনুসের সিডিএর চেয়ারম্যান পদের নিয়োগ বাতিল করার পর প্রকৌশলী নুরুল করিমকে চেয়ারম্যান করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব কানিজ ফাতিমার সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। গত ২৪ এপ্রিল আওয়ামী লীগ নেতা ইউনুসকে সিডিএর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার নিয়োগ তিন বছরের জন্য হলেও মাত্র চার মাস সাত দিনের মাথায় তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হলো। জানা যায়, নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. নুরুল করিমের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের শৈলকুপা গ্রামে। ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ইউনুসের পদত্যাগের দাবি ওঠে। তাকে অপসারণের দাবিতে সিডিএ ভবনের বাইরে বিক্ষোভ করেন সিডিএর কর্মকর্তা, কর্মচারী ও সংশ্লিষ্টরা।