নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাসের আগুনে এক পরিবারের ৮ জন দগ্ধ হয়েছে তাদের একজনের মৃত্যু হয়েছে। মৃতের নাম নূরজাহান (৬০)।
আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সোমবার ভোরে সিদ্ধিরগঞ্জ উপজেলার সাহেবপাড়া এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন- নূর জাহান (৬০), কিরণ মিয়া (৪৫), আবুল হোসেন (২৫), হিরণ মিয়া (২৫), মুক্তার হোসেন (২০), কাওসার হোসেন (১৬), আপন (১০) ও লিমা (৩)।
আগুনের ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। দগ্ধদের এক স্বজন জানান, ওই পরিবারের সদস্য ইলিয়াস ঘুম থেকে উঠে সিগারেট ধরানোর জন্য ম্যাচের কাঠি ধরালে আগুনের সূত্রপাত হয়। ঘর বন্ধ থাকায় লিকেজ থেকে হয়তো গ্যাস জমে ছিল।
স্থানীয় সূত্র জানায়, ভোরে চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে বাসার চার কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। এতে একই পরিবারের আটজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
আদমজী ইপিজেটের ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান জানান, বাসায় গ্যাসের চুলা রাতভর চালু থাকায় চারটি কক্ষে গ্যাস জমে ছিল। সকালে চুলায় আগুন দেওয়ার সাথে সাথে চারটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। এতে নারী ও শিশুসহ একই পরিবারের আটজন দগ্ধ হন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। দগ্ধ বাকিদের মধ্যে কীরণ মিয়া, আবুল হোসেন ও কাওসারের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।