ন্যাশনাল ডেস্কঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের ২০০ গজ পশ্চিমে মালবাহী ট্রেনের দুই বগি লাইনচ্যুত হয়েছে। আজ শুক্রবার (০৫ মে) দুপুর পৌনে ২টার দিকে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এতে ঢাকার সঙ্গে উত্তর দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ লাইনচ্যুত বগি উদ্ধারের চেষ্টা করছে।
উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. ফেরদৌস হাসান বলেন, খালি ও ভর্তি কয়েকটি মালবাহী ট্রেন স্টেশনে থাকে। সেখান থেকে মালবাহী এই ট্রেনটি ঘুরিয়ে লাইন পরিবর্তন করা হচ্ছিল। এ সময় এর দুটি বগি লাইনচ্যুত হয়। তবে এখন দুই ঘণ্টার মধ্যে কোনো ট্রেন না থাকায় এই মুহূর্তে সমস্যা হচ্ছে না। তবে দ্রুত সরিয়ে ফেলতে না পারলে ট্রেন যোগাযোগ বন্ধ থাকবে। ট্রেনটি উদ্ধারে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মণ্ডল বলেন, লাইনচ্যুত বগি উদ্ধারের চেষ্টা চলছে। বগি উদ্ধার হলেই যোগাযোগ সচল হবে।