সুন্দরগঞ্জে গরুর নৌকায় ডাকাতি, গুলিবিদ্ধ -৪

0

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের কাজিয়ার নামক স্থান থেকে ২৫টি গরু নিয়ে গেছে দুর্ধর্ষ নৌ-ডাকাত দল। এসময় পিতা-পুত্রসহ গুলিবিদ্ধ হয়েছেন চারজন। এছাড়া আহত হয়েছেন আরও চারজন।
বিভিন্ন সূত্রে জানা যায়, রবিবার রাতে তিস্তা নদীর ওই চরে দুটি নৌকায় হামলা চালায় ডাকাত দল। এ সময় তারা এলোপাতাড়ি গুলি ছুড়ে ২৫টি গরু নিয়ে চলে যায়।

এ ঘটনায় চরের ফটিক মণ্ডলের ছেলে আজাহার আলী (৫০), তার ছেলে বিষা মণ্ডল (২৮), রহম আলী (৩৮) ও তার পিতা হাতেম আলী গুলিবিদ্ধ হয়েছেন। তাদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অপর চারজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন সরকার।

থানা অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছার আগেই ডাকাত দল পালিয়ে যায়। ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.