Thursday, August 20

উপজেলা করোনা বিষয়ক সংবাদ সম্মেলন-
সুন্দরগঞ্জে বিদেশ ফেরত ১৬ জন হোম কোয়ারেন্টাইনে

0

মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধ কল্পে বিদেশ ফেরত ১৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদেরকে ১৪ দিনের সাময়িক পর্যবেক্ষণে রাখা হবে। তাঁরা নির্দেশ অমান্য করে বাহিরে আসতে না পারে সেজন্য স্থানীয়দের সাথে মতবিনিময় করেছেন স্বাস্থ্য বিভাগ। এছাড়াও তাঁদের করোনা ভাইরাস প্রতিরোধে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হচ্ছে।

বুধবার দুপুরে করোনার লক্ষণ ও পরিস্থিতি মোকাবেলায় হোম কোয়ারেন্টাইনে রাখা ব্যক্তিদের সার্বিক বিষয়ে জানাতে প্রেস ব্রিফিং করেছে উপজেলা করোনা প্রতিরোধ কমিটি।

এতে সার্বিক পরিস্থিতি জানান, উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জামান সরকার। এসময় উপস্থিত ছিলেন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী লুতফুল হাসান ও সদস্য থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান। ডাঃ আশরাফুজ্জামান জানান, আমরা করোনা ভাইরাস প্রতিরোধে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। করোনা ভাইরাসের বিষয়ে তথ্য জানতে ও জানাতে ২৪ ঘন্টার হটলাইন চালু করা হয়েছে। করোনা রোগীর চিকিৎসায় ৫ সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে।

এছাড়াও করোনা আক্রান্ত রোগীর জন্য দুই বেডের একটি আইসোলেশন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। সেই সঙ্গে সকলকে সতর্ক করতে সচেতনতামূলক প্রচার-প্রচারণা অব্যাহত রয়েছে। এ পর্যন্ত উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত কোন রোগী শনাক্ত হয়নি। এ পর্যন্ত মোট ১৬ জন বিদেশ ফেরত ব্যক্তিকে হোম কোয়ারেইন্টাইনে রাখা হয়েছে। তাঁরা যেন ঘর থেকে বের হতে না পারে সেজন্য নজরদারিতে রাখা হয়েছে। তারা কেউ জনসম্মুখে আসতে না পারে সেজন্য স্থানীয় জন প্রতিনিধি ও সুধিজনদের সাথে মতবিনিময় করা হয়েছে। আর ১৪ দিনের পর্যবেক্ষণে যদি কারো মধ্যে করোনা ভাইরাস আক্রান্তের নমুনা দেখা না যায় তাহলে তাদের সুস্থ বলে ঘোষণা দেয়া হবে। তবে এখন সবাই স্বাভাবিক আছে বলেও জানান তিনি।

সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় সকলের সহযোগিতা প্রয়োজন। আমরা প্রচার-প্রচারণা চালাচ্ছি। তবে কেউ যদি গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করে তাহলে তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী নির্বাহী কাজী লুতফুল হাসান জানান, যদি বিদেশ ফেরত কোন ব্যক্তি আপনাদের আশেপাশে থাকে, তাদের হোম কোয়ারেন্টাইনে রাখতে হবে। যদি কেউ তা মানতে না চায় তাহলে আমরা বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখবো। পরে পৌর শহরের বিভিন্ন স্থানে করোনা বিষয়ক সচেতনতা লিফলেট বিতরণ করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.