Wednesday, July 29

হাইকোর্টে অতিরিক্ত ১৮ বিচারপতি নিয়োগ

0

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত ১৮ জন বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ বুধবার এ বিষয়ে আদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়। শপথ গ্রহণের দিন থেকে পরবর্তী দুই বছরের জন্য তাদের এ নিয়োগ কার্যকর হবে। এই নিয়োগের মধ্য দিয়ে দীর্ঘ তিন বছর পর উচ্চ আদালতে বিচারক নিয়োগ দেয়া হলো।

সংবিধানের ৯৮ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই বিচারপতিদের নিয়োগ দিয়েছেন। আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক রাষ্ট্রপতির আদেশক্রমে নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করেন।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নবনিযুক্ত বিচারপতিদের শপথ পড়াবেন।

নতুন নিয়োগ পাওয়া অতিরিক্ত বিচারকেরা হলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য মো. আবু আহমেদ জমাদার, আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান, নরসিংদীর জেলা ও দায়রা জজ ফাতেমা নজীব, ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা, ঢাকার জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস জামান, ঢাকার বিভাগীয় বিশেষ জজ মো. আতোয়ার রহমান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল খিজির হায়াত, শশাংক শেখর সরকার, এস এম মনিরুজ্জামান, সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, খোন্দকার দিলীরুজ্জামান, সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম আব্দুল মবিন, মোহাম্মদ আলী, মহি উদ্দিন শামীম, মো. রিয়াজউদ্দিন খান, মো. খায়রুল আলম, আহমেদ সোহেল ও কে এম হাফিজুল আলম।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.