Monday, September 7

১০০ বলের ক্রিকেটে ঠাঁই হয়নি কোনও বাংলাদেশি

0

‘দ্য হান্ড্রেড’ তথা ১০০ বলের ক্রিকেটের ড্রাফট হয়েছে রবিবার। ১১ জন বাংলাদেশি ক্রিকেটার ছিলেন এই ড্রাফটে। তবে ঠাঁই হয়নি কোনও বাংলাদেশির। শুধু তা-ই নয়, নাম ওঠেনি ক্রিস গেইলের মতো তারকা ক্রিকেটারেরও। আট দলের এই টুর্নামেন্টে প্রতি দলে তিনজন বিদেশি ক্রিকেটার রাখার সুযোগ আছে। সেই ‘সুযোগে’ জায়গা হয়নি লাসিথ মালিঙ্গা কিংবা কাগিসো রাবাদার মতো পেসারদের।

ইংল্যান্ডের টুর্নামেন্ট কমিটি জানিয়েছে, মোট ৯৬ জন ক্রিকেটার ড্রাফট থেকে নির্বাচিত হয়েছেন। প্রথম দল পান রশিদ খান। সবার শেষে লুক রাইট। আর অবিক্রীত রয়ে গেছেন ৪৭৪ জন।
বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি ১ লাখ পাউন্ড ভিত্তিমূল্য ছিল সাকিব আল হাসান ও তামিম ইকবালের।

অন্য ক্যাটাগরিতে ছিলেন মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফ উদ্দিন ও মোস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, আবু হায়দার রনি ও তাসকিন আহমেদ।

বাংলাদেশিরা কেউ দল না পেলেও নেপালের ‘শেন ওয়ার্ন’ খ্যাত সন্দীপ লামিচানে ঠিকই দল পেয়েছেন। ১ লাখ পাউন্ডে তাকে নিয়েছে ওভাল ইনভিনজিবলেস। দল পাওয়ার আরেকটি শেষ সুযোগ আছে অবিক্রীত ক্রিকেটারদের। সামনের গ্রীষ্মে ‘ওয়াইল্ডকার্ড’ নিয়মে প্রতিটি দল খেলোয়াড় যোগ করার একটা সুযোগ পাবে।

ইংল্যান্ডে এই টুর্নামেন্ট শুরু হবে ২০২০ সালের গ্রীষ্মকালীন ছুটিতে-১৭ জুলাই থেকে ১৬ আগস্ট।

লিগ ম্যাচ হবে মোট ৩২টি। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.