খুব শিগগিরই পর্দায় দেখা যাবে ঢালিউডের নবাগত নায়ক সাইফ খান ও নায়িকা রাকা বিশ্বাসকে। এবং তাদের দেখা যাবে একই পর্দায়। আবু সুফিয়ান পরিচালিত ‘প্রেমের কেন ফাঁসি’ সিনেমাটিতে অভিনয় করেছেন এই দুই নবাগত। ইতিমধ্যে ঢালিউডের সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্রও পেয়ে গেছে সিনেমাটি। এখন শুধু অপেক্ষা মুক্তি পাওয়ার।
এবিষয়ে পরিচালক আবু সুফিয়ান জানান, ‘সিনেমাটি ২০ মার্চ সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে। সিনেমাটি মুক্তির জন্য প্রযোজক সমিতি থেকে নিবন্ধনও করা হয়েছে। আশা করছি সিনেমাটি দর্শকদের কাছ থেকে ভালই সাড়া পাবে।’
রাকা বিশ্বাস বলেন, ‘সিনেমাটি নিয়ে আমি খুবই আশাবাদী। ফোক ঘরানার এই ছবিতে অভিনয় করার সুযোগ করে দেয়ার জন্য আমি পরিচালক ও প্রযোজকসহ সকলের প্রতি কৃতজ্ঞ। আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চ দক্ষতা দিয়ে চরিত্রটি ফুটিয়ে তুলতে। বাকিটা দর্শকরা জানাবেন কেমন হয়েছে।’
এদিকে, ছবিটি বেশ উচ্ছ্বসিত নায়ক সাইফ খানও। সাইফ বলেন, ‘আবু সুফিয়ান স্যারের ছবিতে কাজ করে ভালো লেগেছে। আশা করি এই ছবিটিও দর্শকরাও পছন্দ করবেন।’
সাইফ-রাকা ছাড়াও ছবিটি আরও অভিনয় করেছেন উজ্জ্বল, সাদেক বাচ্চু, ড্যানি সিডাক, রেবেকা, শাহেন শাহ, শিমু আহমেদসহ অনেকে।
আগামী ২০ এপ্রিল সারাদেশের পেক্ষাগৃহে মুক্তি পাবে ‘প্রেমের কেন ফাঁসি’।