Tuesday, September 29

৩২১ রানের টার্গেট দিল টাইগাররা

0

নতুন বছরের শুরু থেকেই হাসছে তামিম ইকবালের ব্যাট। জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে তিনি খেলেছিলেন ৮৪ রানের অপরাজিত ইনিংস। আজ শ্রীলঙ্কার বিপক্ষেও তামিমের অর্ধশতকে ভর করে বাংলাদেশের দলীয় সংগ্রহ পৌঁছেছিল তিন অঙ্কে। তামিম নিজেও অনেকখানি এগিয়ে গিয়েছিলেন শতকের পথে। কিন্তু সেই ৮৪ রান করে তাঁকে ফিরতে হয়েছে সাজঘরে। তামিমের পর অর্ধশতক পূর্ণ করেছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমও। বাংলাদেশের সেরা তিন ব্যাটসম্যানের দারুন নৈপুণ্যে বাংলাদেশও দাঁড় করিয়েছে বড় সংগ্রহ। জয়ের জন্য শ্রীলঙ্কার সামনে ছুঁড়ে দিয়েছেন ৩২১ রানের লক্ষ্য।

জিম্বাবুয়ের বিপক্ষে ৮ উইকেটের দাপুটে জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ আর নতুন বছরের শুরুটা ভালোভাবেই করেছে বাংলাদেশ। আজ ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচেও ব্যাট হাতে শুরুটা ভালো হয়েছে টাইগারদের। টস জিতে ব্যাট করতে নেমে ধীরস্থিরভাবে শুরু করেছিলেন দুই ওপেনার তামিম ইকবাল ও এনামুল হক বিজয়। উদ্বোধনী জুটিতে তাঁরা যোগ করেছেন ৭১ রান। ১৫তম ওভারে ৩৫ রান করে আউট হয়েছেন এনামুল। এরপর তামিম ও সাকিব মিলে দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেছেন ৯৯ রান। শতকের খুব কাছাকাছি গিয়েও হতাশ হতে হয়েছে তামিমকে। ৩০তম ওভারে তিনি আউট হয়েছেন ৮৪ রান করে।

তবে লঙ্কান বোলারদের স্বস্তি দেননি সাকিব-মুশফিকরা। তৃতীয় উইকেটে তাঁরা গড়েন ৫৭ রানের জুটি। ৩৮তম ওভারে সাকিব আউট হয়ে যান ৬৭ রান করে। এরপরও বাংলাদেশ দেখেছে আরও একটি অর্ধশতকের জুটি। তৃতীয় উইকেটে মাহমুদউল্লাহর সঙ্গে জুটি বেঁধে মুশফিক যোগ করেছেন ৫০ রান। যার মধ্যে মাহমুদউল্লাহর ব্যাট থেকে এসেছে ২৪ রান। ৫২ বলে ৬২ রানের ঝড়ো ইনিংস খেলে ৪৭তম ওভারে আউট হয়েছেন মুশফিক। শেষপর্যায়ে সাব্বির রহমানের ১২ বলে ২৪ রানের ইনিংসটির সুবাদে বাংলাদেশের স্কোরবোর্ডে জমা হয় ৩২০ রান।

জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে টস জিতেছিলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সেবার তিনি নিয়েছিলেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষেও টসভাগ্য গেছে বাংলাদেশের পক্ষে। তবে এবার ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফি।

জিম্বাবুয়ের বিপক্ষে ৮ উইকেটের দাপুটে জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজের শুরুটা দারুণভাবে করেছিল বাংলাদেশ। অন্যদিকে জিম্বাবুয়ের বিপক্ষে ১২ রানে হেরে শুরুতেই হোঁচট খেয়েছে শ্রীলঙ্কা। আজকের ম্যাচটি তাই হাথুরুসিংহের দলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।

মাঠে নামার আগেই অবশ্য বড়সড় ধাক্কা খেয়েছে শ্রীলঙ্কা। চোটের কারণে মাঠে নামতে পারেননি অ্যাঞ্জেলো ম্যাথিউস। আজ তাঁর জায়গায় লঙ্কানদের নেতৃত্ব দিচ্ছেন দিনেশ চান্দিমাল। অন্যদিকে দলে একটি পরিবর্তন এনে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সানজামুল ইসলামের পরিবর্তে দলে এসেছেন মোহাম্মদ সাইফুদ্দিন।

বাংলাদেশ দল : তামিম ইকবাল, এনামুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, নাসির হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.