গাইবান্ধা প্রতিনিধিঃ আশুলিয়া জঙ্গী আস্তানায় আত্মসমর্পন করা রাশেদুন নবী ওরফে রাশেদ (২১) গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালি ইউনিয়নের দক্ষিণ উদাখালি গ্রামের হোমিও চিকিৎসক রেজাউল করিমের ছেলে। মা রিনা বেগম একজন গৃহিনী।
জেলা শহর থেকে ১৩ কিঃ মিঃ পূর্ব-দক্ষিণে ফুলছড়ি উপজেলার কালির বাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ঘেঁষে টিনসেড বাড়িটি রাশেদ’র বাবা রেজাউল করিমের। ছেলে জঙ্গীদলের সদস্য এবং আত্নসমর্পন করে বর্তমানে পুলিশ হেফাজতে আছে এমন সংবাদে তিনি সহ গোটা পরিবারের সদস্যরা বাকরুদ্ধ হয়ে পরেছেন।
সংবাদ কর্মীদের নানা প্রশ্নের জবাবে তিনি বলেন, দুই ভাই তিন বোনের মধ্যে রাশেদুন নবী চতুর্থ। সবার বড় বোন রেহেনা খাতুন। বুদ্ধি প্রতিবন্ধী। তিনি বাবার বাড়িতেই থাকেন। অপর দুই বোন ইসমত আরা ও নাজমুন নাহারের বিয়ে হয়েছে। দুই ভাইয়ের মধ্যে বড় ভাই রানা মিয়া ঢাকার একটি কলেজে মাস্টার্সে পড়েন।
তিনি আরো বলেন, রাশেদুন নবী ওরফে রাশেদ উদাখালি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি পাস করেছেন। ২০১৪ সালে একই উপজেলার গজারিয়া ইউনিয়নের জমিলা আক্তার উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। পরে তিনি প্যাথলজি বিষয়ে বগুড়া সাইক ইনষ্টিটিউট অফ মেডিকেল টেনোলজিতে ভর্তি হন। বর্তমানে তিনি ইনষ্টিটিউটের চতুর্থ সেমিস্টারের ছাত্র।
তিনি বলেন, ‘আমার ছেলে রাশেদুন নবী বগুড়ার একটি মেসে থেকে পড়ালেখা করত। গত এপ্রিল মাসের ২৭ তারিখের দিকে সে বাড়ি আসে। বাড়িতে কয়েকদিন থাকার পর গত ১ মে আমার কাছে ৩ হাজার টাকা নিয়ে বগুড়া যাবার কথা বলে বাড়ি থেকে বের হয়। পরদিন তার কলেজ থেকে ফোন আসে আপনার ছেলে পরীক্ষায় অনুপস্থিত। ওইদিনই আমি বগুড়া গিয়ে প্রথমে কলেজে ও পরে তার মেসে খোঁজ নিই। তার মেসের মালিক আমাকে জানায়, দুইজন অপরিচিত ছেলে আপনার ছেলের সঙ্গে কদিন ধরে মেসে থাকতো। আমি বাধা দেওয়ায় তারা অন্য মেসে চলে যায়। এরপর কিছু জানি না বলে ওই মেস মালিক আমাকে জানিয়ে দেন।
রেজাউল করিম বলেন, ‘তখন থেকে থানা পুলিশসহ বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুজির পর ছেলের সন্ধান পাইনি। পরে ২২ মে বগুড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করি। রবিবার ফেসবুকের মারফত জানতে পারি আমার ছেলে আত্মসমর্পন করেছে।’
রেজাউল করিম আরও বলেন, অপরাধ যেই করুক না কেন, সে অপরাধি। আমার ছেলে অপরাধ করেছে এর বিচার হওয়া উচিত।
এদিকে এলাকাবাসি জানায়, রাশেদ এলাকায় কোনো খারাপ কাজের সঙ্গে জড়িত ছিল না। ওর আচার -অাচারনেও উগ্র স্বভাবের কিছু বোঝা যায়নি। কিন্তু ঘটনাটি গ্রামবাসিকে হতবাক করে দিল।
রাশেদুন নবীর বিষয়ে জানতে চাইলে ফুলছড়ি থানার ওসি আবু হায়দার মো. আশরাফুজ্জামান বলেন, রাশেদুন নবীর নামে থানায় কোনো মামলা নেই।
প্রসঙ্গত. গত রবিবার ঢাকার আশুলিয়ার চৌরাপাড়া গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ১১ ঘণ্টা ঘিরে রাখার পর র্যাবের কাছে চারজন জঙ্গি আত্মসমর্পন করেন। তারা জঙ্গি সংগঠন জেএমবির তামিম-সারোয়ার গ্রুপের সদস্য।