আজ রবিবার দুপুরে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হবে। দুপুর ১টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করবেন।
এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফল হস্তান্তর করবেন শিক্ষামন্ত্রী। এ সময় শিক্ষা বোর্ড চেয়ারম্যানরা উপস্থিত থাকবেন।
এ ব্যাপারে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার জানান, দুপুর দেড়টার সময় নিজ নিজ কেন্দ্র/প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হবে।
চলতি বছরের গত ২ এপ্রিল শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার এই পরীক্ষায় ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তত্ত্বীয় (লিখিত) পরীক্ষা শেষ হয় ১৫ মে। ব্যবহারিক পরীক্ষা ১৬ মে শুরু হয়ে শেষ হয় ২৫ মে। আগামী ২৪ জুলাই এ পরীক্ষার শেষের ৬০ দিন পূর্ণ হবে।