Monday, November 9

ফরিদপুরে জেএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম

0

ফরিদপুরে জেএসসি পরীক্ষায় গণিত খাতা না দেখানোয় ফারহান আলিফ নামে এক জেএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে আহত করেছে হৃদয় নামে অপর পরীক্ষার্থী। আহত আলিফ বর্তমানে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আজ রবিবার দুপুরে ফরিদপুর ঈশান স্কুলের সামনের মুজিব সড়কে এ ঘটনাটি ঘটেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, ফরিদপুর জিলা স্কুলের শিক্ষার্থী আলিফ শহরের ঈশান বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জেএসসি পরীক্ষা দিচ্ছে। একই কক্ষে শহরের পূর্ব খাবাসপুর এলাকার বায়তুল মোকাদ্দেম ইনস্টিটিউটের শিক্ষার্থী হৃদয়ের সিট পড়েছে।

আজ গণিত পরীক্ষা চলাকালে আলিফের কাছে হৃদয় খাতা দেখতে চাইলে সে খাতা দেখায়নি। এতে ক্ষুব্ধ হয়ে পরীক্ষা শেষে হৃদয় ও তার বন্ধুরা মিলে আলিফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। আলিফের বাম পেটে ও ঘাড়ে ধারালো অস্ত্রের কোপ লাগে। স্থানীয়রা আলিফকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতালে ও পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফরিদপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক মনিমোহন বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন ঘটনাটি দুঃখজনক। তিনি বলেন, ঘটনাটি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে।

ফরিদপুর কোতয়ালী থানার পরিদর্শক (অপারেশন) বিপুল দে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। এ ব্যাপারে আজ বিকেল পর্যন্ত থানায় কেউ অভিযোগ করে নি। তবে পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.