রংপুরে হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেছেন, ‘ফেসবুকে ধর্ম অবমাননা নিয়ে একটি গোষ্ঠী হিন্দুদের ওপর হামলা চালায় এবং তাদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। এটা অত্যন্ত নিন্দনীয় কাজ করেছে।
যা ভাষায় প্রকাশ করার মতো নয়। ‘ আজ সোমবার ঠাকুরপাড়ায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
জাপা মহাসচিব আরো বলেন, ‘এটা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে। হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির জন্যই এটা করা হয়েছে। তাই আমরা এর বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি। আমি দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের দেখতে এসেছি। ‘
তিনি বলেন, ‘এমন নিন্দনীয় কাজ যারা করেছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে দোষীদের কঠোর শাস্তি দিতে হবে। যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের কাজ করতে সাহস পায় না। ‘
রুহুল আমিন হাওলাদার বলেন, ‘এ ঘটনায় যেন কোনো নিরপরাধ মানুষ হয়রানির শিকার না হয় সেদিকে প্রশাসনকে দৃষ্টি দিতে হবে।’
তিনি ক্ষতিগ্রস্তদের উদ্দেশে বলেন, ‘আপনাদের ভয়ের কোনো কারণ নেই। পাশে জাতীয় পার্টি রয়েছে। আমাদের পক্ষ থেকে যা যা করা প্রয়োজন আমরা তাই করব। ‘
এ সময় তাঁর সাথে ছিলেন জাপা নেতা সুনীল শুভ রায়, এস এম ইয়াছির, কাজী মশিয়ার রহমান, আবদুর রাজ্জাক প্রমুখ।
রুহুল আমিন হাওলাদার জাতীয় পার্টির চেয়ারম্যানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে ১০ হাজার টাকা করে প্রদান করেন।
প্রসঙ্গত, ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত শুক্রবার ঠাকুরপাড়ায় হিন্দুদের আটটি বাড়িতে অগ্নিসংযোগ ও ১৫ বাড়ি ভাঙচুর করা হয়। এ নিয়ে পুলিশের সাথে মুসল্লি ও এলাকাবাসীর সংঘর্ষে পুলিশসহ ৪০ জন আহত হয়। এদের মধ্যে হাবিব নামে এক জামায়াতকর্মী নিহত হন।