বিজয় দিবসে বাংলাদেশ টেলিভিশনে প্রচারের জন্য নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধের বিশেষ নাটক ‘বাবার বায়নোকুলার’। নাটকটি রচনা করেছেন মামুনুর রশীদ ও প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস। ১৬ ডিসেম্বর রাত আটটার বাংলা সংবাদের পর নাটকটি বিটিভিতে প্রচার হবে। নাটকটিতে এতে দীর্ঘদিন পর একসঙ্গে অভিনয় করেছেনমীরানা জামান ও ডলি জহুর।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মীরানা জামান বলেন, ‘নাটকের গল্পটি মুক্তিযুদ্ধের সময়কার গল্পের। এতে আমার ছেলের চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ এবং তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছে ডলি। মামুনের লেখা নাটক নিয়ে আসলে আমার বলার কিছু নেই। একজন ভালো অভিনেতা এবং খুবই গুণী একজন নাট্যকারও মামুুন। আমি দীর্ঘদিন পর তার রচনায় অভিনয় করেছি। মামুন, ডলি, শাহআলম দুলাল, আজাদ আবুল কালাম, প্রাণ রায় সবার সঙ্গে দীর্ঘদিন পর দেখা হয়েও বেশ ভালো লেগেছে।’
ডলি জহুর বলেন, ‘মীরানা খালার আমাদের পরম শ্রদ্ধাভাজন একজন শিল্পী। তার সঙ্গে আমার অভিনয় জীবনের শুরু থেকেই অনেক নাটকে অভিনয় করেছি। আমাকে খুব আদর করেন তিনি। আমিও তাকে অনেক শ্রদ্ধা করি, ভালোবাসি। সত্যি বলতে কি মীরানা খালাদের মতো মানুষ যেমন হয় না, শিল্পীও হয়তো আর জন্ম হবে না এদেশে। দীর্ঘদিন পর তার সঙ্গে কাজ করে ভীষণ ভালো লেগেছে।’