ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিপীড়ন বিরোধী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ধর্মঘট পালন করছে প্রগতিশীল ছাত্রজোট। আজ সোমবার সকাল ৭টা থেকে তারা কলা ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে সেখানে বিক্ষোভ ও সমাবেশ করে। এই ভবনের অন্য ফটকগুলো খোলা রয়েছে। গত ২৪শে জানুয়ারি প্রগতিশীল ছাত্রজোট সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এই কর্মসূচি ঘোষণা করে। জাতীয়তাবাদী ছাত্রদল ধর্মঘটে সমর্থন জানায়। এদিকে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ভবনের ফটকগুলো খোলা রয়েছে।
সামাজিক বিজ্ঞান অনুষদের ফটকে ধর্মঘট আহ্বানকারীরা তালা ঝুলিয়ে দিলেও কে বা কারা সেই তালা ভেঙে ফেলে। বাণিজ্য অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ ও কার্জন হলে বেশ কয়েকটি বিভাগে ক্লাস শুরু হয়েছে। এদিকে জোটের সমন্বয়ক ইমরান হাবিব রুমন জানান, সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সর্বাত্মক ধর্মঘট পালিত হচ্ছে। বেলা ১২টায় মধুর ক্যান্টিনে জোটের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হবে।