প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, বিএনপি ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন ঠেকানোর নামে সন্ত্রাস-তাণ্ডব চালিয়েছিল। সে সময় অনেক মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। হাজার হাজার গাছ কেটে ফেলে। আমরা গাছ লাগাই, তারা গাছ কেটে ফেলে, আমরা রাস্তা করি, তারা ধ্বংস করে। তবে আমরা তাদের সেই জ্বালাও-পোড়াও কঠোর হাতে দমন করেছি। প্রধানমন্ত্রী বলেন, আমরা সরকারের ৫ বছর পদার্পণ করার সঙ্গে সঙ্গে নির্বাচনী প্রচারণা শুরু করেছি। আর সেটা সিলেট থেকে।
আজ মঙ্গলবার বিকেলে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের সময় বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। তাদের কারণে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়। তাদের আমলে বাংলা ভাইয়ের সৃষ্টি, জঙ্গিবাদের সৃষ্টি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এটিকে আওয়ামী লীগের প্রথম প্রচারণামূলক সভা বলা হচ্ছে বলে জানা গেছে।